প্রযুক্তিগত আবিষ্কার প্রান্তিক চাষিদের নাগালে পৌঁছে দিতে হবে, বার্তা মন্ত্রীর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: গবেষণাগারে আধুনিক যন্ত্র উদ্ভাবনই শেষ কথা নয়, সেই প্রযুক্তি পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের নাগালে। আর্থিক অনটনের কারণে যাতে প্রান্তিক কৃষক ও দুর্বল শ্রেণির মানুষ আধুনিক যন্ত্রপাতির সুবিধা থেকে বঞ্চিত না হয়, তারজন্য সরকারি ভরতুকি ও সিএসআর প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআইয়ে জনজাতি গৌরব উৎসবের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর বক্তব্যে এদিন জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি বিশেষভাবে উঠে আসে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রসঙ্গ। গবেষণাগারে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর নরেশচন্দ্র মুর্মু সহ বিজ্ঞানী, গবেষক ও আধিকারিকরা। জনজাতি সমাজের ইতিহাস, সংস্কৃতি এবং স্বতন্ত্র আত্মপরিচয়ের উদ্‌যাপনকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে প্রযুক্তিনির্ভর উন্নয়নের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। সিএমইআরআইয়ের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে ক্ষুদিরামবাবু বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখেই এখানে একাধিক আধুনিক যন্ত্র তৈরি হচ্ছে। আধুনিক কৃষি সরঞ্জাম গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে যন্ত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলে গবেষণার উদ্দেশ্য পূরণ হবে না। তা মাথায় রেখেই সিএসআর প্রকল্প এবং সরকারি ভর্তুকির মাধ্যমে যন্ত্রপাতি উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তাঁর মতে, আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছেও আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করা জরুরি। বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকায় কৃষি ও জীবিকাভিত্তিক কর্মকাণ্ডে এই ধরনের যন্ত্রের ব্যবহার বাড়লে অর্থনৈতিক স্বনির্ভরতার পথ প্রশস্ত হতে পারে।

Advertisement