নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সস্তার বাইক নয়। পার্কিং করা দামি বাইকই ছিল তাঁর টার্গেট। এক যুবককে গ্রেপ্তার করে এমনই চক্রের কিনারা করল নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ। তাঁকে জেরা করে নিউটাউনের একটি পরিত্যক্ত জায়গা থেকে সাতটি দামি বাইক উদ্ধার করা হয়েছে। যেগুলির মূল্য দেড় লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গৌরব গোলদার। বয়স মাত্র ১৯ বছর। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার কাকুড়িয়া এলাকায় বাড়ি। তাঁকে জেরা করে এই চক্র যুক্ত বাকিদেরও খোঁজ চলছে।
বাইক চুরির চক্রের কিনারা করতে তদন্তে নেমেছিল টেকনোসিটি থানার পুলিশ। দু’দিন আগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করার পর টেকনোসিটি থানার অন্তর্গত ২১ নম্বর ট্যাঙ্কের কাছে স্ট্রিট নম্বর ৮২৪ এলাকায় একটি আবাসনের পাশে পরিত্যক্ত জায়গা থেকে ওই সাতটি দামি বাইক উদ্ধার হয়। সবগুলিই চুরির বাইক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক বাইক চুরি, চোরাই সম্পত্তির নিয়মিত কারবার এবং চোরাই সম্পত্তি গোপন করার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। চুরি হওয়া আরও বাইকের সন্ধান, আরও কারা কারা এই ঘটনায় জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে চোরাই বাইক বিক্রির সঙ্গে যুক্ত সম্পূর্ণ চক্রের সন্ধান পেতে আরও তদন্ত চলছে।