নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনেমার সঙ্গে যুক্ত টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানো হল ৩৩ শতাংশ। বুধবার ফেডারেশন ও ইম্পার সদস্যদের উপস্থিতিতে একটি বৈঠক আয়োজিত হয়। সেখানেই ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, টেকনিশিয়ানদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘আমাদের আরও বেশি দাবি ছিল। তবে আমরা ভীষণ খুশি। বাংলা ছবির স্বার্থে সকলে একসঙ্গে কাজ করতে চাই। এতে কাজের পরিধি আরও বৃদ্ধি পাবে। স্ক্রিনিং কমিটি, ফেডারেশন ও ইম্পার বৈঠকের ফলে প্রযোজক, হল মালিক থেকে টেকনিশিয়ান—সকলেই উপকৃত হবেন।’
পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি টেকনিশিয়ানদের কাজের সময়সীমাও বেড়েছে। ১৪ ঘণ্টার পরিবর্তে এবার থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হবে তাঁদের। বিশ্রামের জন্য নির্ধারিত ৮ ঘণ্টা। পাশাপাশি ঠিক হয়েছে, ২০২৬ সালের শুরুতে পুরো বছরের কোন সময়, কোন ছবি মুক্তি পাবে, তার একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। দুর্গাপুজো, কালীপুজো, বড়দিন, গ্রীষ্মের ছুটির মতো উৎসব ও ছুটির সময়গুলিকে ‘প্রাইম টাইম’ গণ্য করে মোট ১১টি বিভাগে ভাগ করা হয়েছে। কোনও ছবি মুক্তির পর ব্যবসা করার জন্য অন্তত দু’সপ্তাহ সুযোগ দিতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক নিসপাল সিং রানে, রানা সরকার, অভিনেতা-প্রযোজক অঙ্কুশ হাজরা সহ অনেকে।