Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড, হাজির দেব ও কোয়েল

যেমন কথা তেমন কাজ। শনিবার সিনে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হল। টেকনিশিয়ান স্টুডিওতে ক্যাম্প করে প্রায় ৭ হাজার টেকনিশিয়ানের হাতে এদিন কার্ড তুলে দেওয়া হয়

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড,  হাজির দেব ও কোয়েল
  • ১৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

যেমন কথা তেমন কাজ। শনিবার সিনে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হল। টেকনিশিয়ান স্টুডিওতে ক্যাম্প করে প্রায় ৭ হাজার টেকনিশিয়ানের হাতে এদিন কার্ড তুলে দেওয়া হয়। সেই ক্যাম্পে হাজির ছিলেন অভিনেতা সাংসদ দেব। মূলত তাঁর উদ্যোগেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা এবার থেকে পাবেন সিনে ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরাও। এদিন দেব বলেন, ‘এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনিই পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় টলিউডের টেকনিশিয়ানদের পাশে রয়েছেন। দেবের জন্য নয়, কলাকুশলীদের কথা ভেবে তিন-চারদিনের মধ্যে এত বড় ক্যাম্পের আয়োজন করে দিয়েছেন দিদি। গ্রাম বাংলার কোটি কোটি মানুষ স্বাস্থ্যসাথীর পরিষেবা পেয়েছেন। অন্যান্য রাজ্যেও নাম বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প ব্যবহার করা হচ্ছে। এটা আমি বলছি না, আপনারা সবাই জানেন। এবার থেকে বাংলার টেকনিশিয়ানরাও এই সুবিধে পাবেন।’ এই উদ্যোগে টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছেন কোয়েল মল্লিকও। তিনি সদ্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নায়িকাও। এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন পরিচালক সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, শান্তিলাল মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। সুদেষ্ণা রায় বলেন, ‘আগে স্বাস্থ্যবিমা পেতাম আমরা। নতুন করে স্বাস্থ্যসাথী হচ্ছে, যেখানে সরাসরি নাম নথিভুক্ত করতে পারছি। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী ও দেবকে ধন্যবাদ।’ দীর্ঘদিন ধরেই ক্যামেরার নেপথ্যের শিল্পীদের জন্য মেডিক্লেম চালুর দাবি উঠছিল টলিউডে। তা পূরণ করতেই উদ্যোগ নিয়েছিলেন দেব। এদিন তিনি আরও জানান, শ্যুটিংয়ের টাকায় কলাকুশলীদের সংসার চলে। তাঁদের সঙ্গে কাজ করলে তবেই আসল সমস্যার কথা বোঝা যায়। এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য তাঁর কাছে অনেকদিন ধরেই কলাকুশলীরা অনুরোধ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে সেই আবেদন জানিয়ে চিঠি লেখেন দেব। অভিনেতা-সাংসদের আরজি শুনেছেন মুখ্যমন্ত্রী। শনিবার সে কারণে টেকনিশিয়ান স্টুডিয়োতে পৌঁছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়ক।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ