বেলফাস্ট: অধিনায়ক হিসেবে অভিষেকেই লজ্জার পরাজয় সঙ্গী হয়েছে শ্রেয়স আয়ারের। বিশ্বকাপ জয়ের পর প্রথম টি-২০ ম্যাচে নেমে রীতিমতো দুরমুশ হয়েছে ভারত। সেটাও দুর্বল আয়ারল্যান্ডের কাছে। আইরিশদের ক্রিকেট ইতিহাসে যা হয়ে উঠেছে সোনালি অধ্যায়। রবিবার দ্বিতীয় তথা শেষ ম্যাচেও বিশ্বজয়ীদের বশ মানিয়ে ঐতিহাসিক সিরিজ হাতছানি লোরকান টাকার ব্রিগেডের সামনে। অন্যদিকে, টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে মুখরক্ষার লড়াই।
টি-২০ ফরম্যাটে এর আগে টানা ১২টি সিরিজ বা প্রতিযোগিতা জিতেছে ভারত। শুক্রবার থামল সেই বিজয়রথ। পা কাটল পচা শামুকে। দু’ম্যাচের এই সিরিজে জেতার পথ বন্ধ। তবে টানা ১৬ সিরিজ বা প্রতিযোগিতায় অপরাজিত থাকার রেকর্ড অক্ষত রাখার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। তার জন্য আত্মতুষ্টি ঝেড়ে সেরাটা মেলে ধরা জরুরি। কোচ গৌতম গম্ভীর যেভাবে শনিবার চটজলদি নেটে ডাকলেন ক্রিকেটারদের, তাতে পরিষ্কার পরাজয়ের লজ্জা হজম করতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে বৈভব সূর্যবংশীকে খেলানো হবে কিনা, তা নিয়ে চর্চা চলছে। রবিবারই বিস্ময় কিশোরের অভিষেক দেখার প্রতীক্ষায় সমর্থকরা। পাশাপাশি ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গা নিয়েও উঠছে প্রশ্ন। সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শ্রেয়সের ব্যাটে রান না আসাও উদ্বেগে রাখছে সমর্থকদের।