নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রোটিয়া ঝড়ে তছনছ হয়ে যাওয়া সাজানো বাগান ফের গুছিয়ে তোলার কাজ শুরু করে দিলেন কোচ গৌতম গম্ভীর। ইডেন টেস্ট আড়াই দিনে শেষ হওয়ায় ভারতীয় ক্রিকেটাররা এখনও শহরে। রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সাই সুদর্শন সহ কয়েকজনকে নিয়ে মঙ্গলবার সকালে ক্রিকেটের নন্দনকাননে চলল অপশনাল প্র্যাকটিস। মূলত মিডল অর্ডার শক্তিশালী করার উপরই জোর দিলেন কোচ।
ঘরের মাঠে স্পিন খেলতে গিয়ে জিভ বেরিয়ে পড়ছে ভারতীয় ব্যাটারদের। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ, সাইমন হার্মারদের আতঙ্কে ঘুম উড়েছে অনেকেরই। দ্বিতীয় টেস্টের আগে সেই আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে টিম ইন্ডিয়া। ইডেনে স্পিনিং ট্র্যাক বানিয়ে ব্যুমেরাং হয়েছিল। মূলত দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার হার্মার ও কেশব মহারাজের বিরুদ্ধে খেলতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন ঋষভরা। তা সত্ত্বেও গুয়াহাটিতে স্পিনিং ট্র্যাকেই খেলতে চাইছে ভারত। তবে লাল মাটির পিচ। যেখানে শুরুতে পেস ও বাউন্স থাকবে। আবার খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিন ফ্রেন্ডলিও হয়ে উঠবে।
ভারতীয় ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে আত্মসমর্পণ করাটা অশনি সংকেত। সেই রোগ সারিয়ে তোলার চেষ্টাও দেখা গেল মঙ্গলবার ইডেনে। এক পায়ে প্যাড পরে স্পিনারদের বিরুদ্ধে সুইপ প্র্যাকটিস করলেন সুদর্শন। বাঁ হাতি ব্যাটারের ডান পা উন্মুক্ত করে দিয়ে তাঁকে বলা হল, বাঁ হাতি স্পিনারকে একের পর এক সুইপ মারতে। কিন্তু এই পদ্ধতি খুবই ঝুঁকিপূর্ণ। চোট লাগার সম্ভাবনাও বেশি। অনেকেই বলেন, এইসব মান্ধাতা আমলের অনুশীলন পদ্ধতি। কিন্তু দল যখন বিপদে পড়ে তখন শিকড়কেই আঁকড়ে ধরাটা বুদ্ধিমানের কাজ। তাই ওল্ড স্কুল মেথডেই দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মোকাবিলার পথ খুঁজছেন ভারতীয় ব্যাটাররা। জুরেল আবার অনেক বেশি রিভার্স সুইপ খেলার উপর সময় ব্যয় করলেন। জাদেজাও ব্যাটিংয়ের উপরই জোর দিলেন বেশি। তৈরি রাখা হচ্ছে বাঁ হাতি ব্যাটার দেবদূত পাদিক্কালকেও। ভারতের নেটে এদিন নজর কাড়লেন বাংলার উদীয়মান স্পিনার কৌশিক মাইতি। ময়দানে তিনি ‘সব্যসাচী’ নামেও পরিচিত। কারণ, দু’হাতেই বল করতে পারেন তিনি। সুদর্শনকে করলেন ডান হাতে বল। আবার জুরেলকে রিভার্স সুইপ মারার জন্য তাঁকে বাঁ হাতে বল করতেও দেখা গেল।
আসলে দ্বিতীয় টেস্টে শুভমান গিলের খেলা ঘিরে অনিশ্চয়তা অব্যাহত। সব ঠিক থাকলে, দলের সঙ্গে বুধবার তিনি গুয়াহাটি যাবেন। ২২ তারিখ শুরু দ্বিতীয় টেস্ট। হাতে কিছুটা সময় রয়েছে। তবে গিলের বিকল্প অবশ্য তৈরি রাখছে ভারত। দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে ফিরতে পারেন সুদর্শন। নীতীশ রেড্ডিকে ডেকে পাঠানো হয়েছে।