নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ছাত্রীদের হস্টেলে সিসি ক্যামেরা কাণ্ডে এবার প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই অসন্তোষ প্রকাশ ওই স্কুলের শিক্ষিকাদের একাংশের। শুধু মৌখিকভাবে ক্ষোভ প্রকাশেই তাঁরা ক্ষান্ত থাকেননি। সোমবার এব্যাপারে লিখিতভাবে উত্তর দিনাজপুর জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) কাছে জানান। তাঁরা বলেন, হস্টেলে ক্যামেরাকাণ্ডের নিষ্পত্তি চেয়ে ২ জুলাই প্রধান শিক্ষিকার কাছে আবেদন জানানো হয়েছিল। প্রধান শিক্ষিকার কাছে একই দাবি জানায় ছাত্রীরা ও তাদের অভিভাবকরাও। কিন্তু প্রধান শিক্ষিকা সেসব তোয়াক্কা না করে স্কুলের শিক্ষিকাদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এখন তিনি শিক্ষিকাদের স্কুলের হাজিরা খাতায় সই করতে দিচ্ছেন না। হস্টেলের সিসি ক্যামেরাকাণ্ডের রেশ এসে পড়েছে স্কুলেও। প্রধান শিক্ষিকা ভয়ের পরিবেশ তৈরি করেছেন। কার্যত স্কুলে অচলাবস্থা তৈরি হয়েছে। স্কুলে উপস্থিতির হার দিন দিন কমছে। তাই শিক্ষিকারা চান প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। স্কুলে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে প্রশাসন উদ্যোগ নিক।



