নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র-রাজ্য যৌথ সহায়তায় চলা মডেল স্কুল এবং বিআরজিএফ প্রকল্পের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলেও (এনআইজিএস) শিক্ষক সংকট। তার জেরে এবার সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের ক্লাস নিতে পাঠানো হবে সেখানে। বুধবার স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশিকায় একথা জানানো হয়েছে। এই শিক্ষকদের বেতন হবে আগের স্কুল থেকেই। তবে, যে স্কুলে তিনি ক্লাস নিতে যাবেন, সেখান থেকেই তাঁদের ছুটিছাটা এবং অন্যান্য তথ্য পাঠানো হবে মূল স্কুলে। এও জানানো হয়েছে, এই ব্যবস্থা একেবারেই সাময়িক।
তবে, এই নির্দেশ নিয়ে আপত্তিও কম উঠছে না। শিক্ষকরা বলছেন, শূন্যপদ পূরণ না করে সাময়িক ব্যবস্থায় পঠনপাঠন সুষ্ঠুভাবে চলতে পারে না। তাই অবিলম্বে শূন্যপদ পূরণ করে সমস্যার সমাধান করতে হবে। আরও একটি প্রশ্ন উঠছে। হিন্দু, হেয়ার, বেথুন, বেগম রোকেয়া, জেনকিন্স বা বিভিন্ন জেলা স্কুলগুলির মতো প্রাচীন ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয়গুলি (মোট সংখ্যা ৩৯টি) দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। বরং মডেল স্কুল এবং এনআইজেএসগুলির জন্য ২০১৮ সালে প্রায় ৮০০ শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে ঐতিহ্যবাহী প্রাচীন স্কুলগুলির জন্য এই অস্থায়ী ব্যবস্থা না করে কেন মডেল এবং এনআইজেএসগুলির জন্য এই ব্যবস্থা করা হল? তবে, একটি ধারণা হল, শিক্ষক সংখ্যা কম থাকলে কেন্দ্রীয় অনুদান আসায় জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এই ব্যবস্থা।
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘কেন এই ব্যবস্থা করা হল, তা জানা নেই। তবে, এটাকে সমর্থন করি না। সরকারি স্কুলের বিশেষ পরিবেশ এবং আদর্শ থাকে। তার সঙ্গে সরকারি স্কুল শিক্ষকরাই পরিচিত। তাই অস্থায়ী ব্যবস্থা করতে হলে অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষকদের অতিথি শিক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হোক। তাঁরা এই পরিবেশের সঙ্গে পরিচিত।’ শিক্ষক সংগঠন এসটিইএ-র নেতা অনিমেষ হালদার বলেন, ‘শুধু ঘোষণা না করে দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক। আর এই অস্থায়ী ব্যবস্থায় শিক্ষকরা যেন বাড়ি থেকে অনেক দূরে দায়িত্ব না পান, সেটাও দেখুক সরকার।’



