নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ছাত্রীদের কুরুচিকর মেসেজ পাঠানো, অশালীন মন্তব্য এবং বিভিন্নভাবে তাঁদের অস্বস্তিতে ফেলার অভিযোগ উঠেছে বেলুড় হাইস্কুলের ভিস্যুয়াল আর্টসের এক শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে। বিষয়টি জানাজানি হওয়ায় স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি জেলা স্কুল শিক্ষাদপ্তরও পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা স্কুল শিক্ষা পরিদর্শক। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর দপ্তরের তরফে তদন্ত শুরু হয়েছে। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক তাঁদের উদ্দেশে আপত্তিকর মেসেজ পাঠাতেন। কখনও ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া হত, কখনও মডেল হওয়ার জন্য ছবি পাঠাতে বলা হত, আবার কখনও হোয়াটসঅ্যাপে কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ছাত্রীদের দাবি, এর আগে এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে সতর্ক করেছিল। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। ফের একই ধরনের আচরণের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ পড়ুয়ারা প্রথমে মৌখিকভাবে বিষয়টি প্রধান শিক্ষককে জানায়। শেষে বুধবার লিখিত অভিযোগ জমা দেয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।



