মেয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: আগামী ১৩ডিসেম্বর একমাত্র মেয়ের বিয়ে। মঙ্গলবার থেকেই আত্মীয়দের নিমন্ত্রণ করার কাজ শুরু করেছিলেন। ওই সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে খড়্গপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখান থেকেই নিজের বাইকে চেপে সস্ত্রীক মেদিনীপুর শহরে বাড়ি ফিরছিলেন পেশায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আশিস চট্টোপাধ্যায়(৫৯)। খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গি এলাকায় বেপরোয়া ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল আশিসবাবুর। স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হন স্ত্রী কাকলিদেবীও। তাঁর আঙুলের উপর দিয়ে ডাম্পার চলে গিয়েছে। ঘটনার জেরে মেদিনীপুর শহরজুড়ে শোকের ছায়া নেমেছে।

Advertisement

মেদিনীপুর শহরের সাহাভড়ংবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আশিসবাবু। বাড়ি শহরের মির্জাবাজার এলাকায়। আগামী বছর সেপ্টেম্বর মাসেই চাকরিজীবন থেকে অবসর নেওয়ার কথা ছিল। মেয়ের বিয়ের দিন এগিয়ে আসায় অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নেওয়ার সঙ্গে আত্মীয়দের বাড়ি গিয়ে নিমন্ত্রণ সারছিলেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চৌরঙ্গির মোড়ে ট্রাফিকের আলো লাল থেকে সবুজ হওয়ার ঠিক আগেই বাইক নিয়ে এগিয়ে যান আশিসবাবু। সেইসময় দ্রুতগতিতে উলটোদিক থেকে আসা একটি ডাম্পার আশিসবাবুর বাইকে ধাক্কা মারে। রাস্তার উপর পড়ে যান আশিসবাবু ও তাঁর স্ত্রী। আশিসবাবুর মাথায় উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। তাঁর স্কুলের সহকর্মী মালেকা বেগম বলেন, স্যার, খুব ভাল মনের মানুষ ছিলেন। অত্যন্ত দায়িত্ব সচেতনও ছিলেন। আগামী ১৩ ডিসেম্বর স্যারের একমাত্র মেয়ের বিয়ের দিন স্থির হয়ছিল। এনিয়ে খুব আনন্দে ছিলেন তিনি। কোথা থেকে যে কী হয়ে গেল!
মেদিনীপুর শহরের বাসিন্দা তথা আশিসবাবুর বন্ধু সুমন চট্টোপাধ্যায় বলেন, আশিসদাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন তাঁর স্ত্রী। আঙুলে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। মঙ্গলবার রাতেই মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও হয়েছে। বুধবার দুপুরে খড়্গপুর মহকুমা হাসপাতালে আশিসবাবুর দেহের ময়নাতদন্ত হয়ে। বুধবার বিকাল নাগাদ দেহ মেদিনীপুরের বাড়িতে ফিরতেই শোকে ভেঙে পড়েন এলাকার বাসিন্দারা। শোকে কার্যত পাথর হয়ে গিয়েছেন আশিসবাবুর স্ত্রী ও একমাত্র মেয়ে। খড়্গপুর শহরের বাসিন্দারা বলেন, চৌরঙ্গি এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত। শহরের বিভিন্ন স্কুলের প্রাথমিক শিক্ষক দেবব্রত গুছাইত, সুরজিৎ দে, গোলাম মোর্তাজা বলেন, আশিসদা খেলাধুলো ও সমবায়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। খুবই সাবধানে বাইক চালাতেন। মাথায় হেলমেটও ছিল। সামান্য ভুলেই হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। পুলিশ জানিয়েছে, ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে। কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।