সংবাদদাতা, উলুবেড়িয়া: শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে অতিরিক্ত লাভ করা যাবে। এমন লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে শুক্রবার শ্যামপুর থানার পুলিস এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই শিক্ষকের নাম পীতাম্বর ভক্তা। তিনি বাগনানের হাল্যান এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতকে সাতদিনের পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই প্রসঙ্গে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, এখনও রিপোর্ট হাতে পাইনি। তবে প্রতারণার অভিযোগে যদিও কোনও শিক্ষক গ্রেপ্তার হন, তাহলে নিয়ম অনুযায়ী তাঁকে সাসপেন্ড করা হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শ্যামপুর শশাটির বাসিন্দা সুরজ সামন্ত পুলিসের কাছে অভিযোগ করেন যে, ২০২৪ সালের এপ্রিল মাসে পীতাম্বর ভক্তা শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে অতিরিক্ত লাভ দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। সূত্রের খবর বেশ কিছুদিন হওয়ার পর মুনাফা না পাওয়ায় সুরজ পীতাম্বরের কাছে গেলে তিনি তাঁর জমি সুরজের নামে লিখে দেন। যদিও সেই জমির দাম সুরজ যে পরিমাণ টাকা দিয়েছিলেন, তার থেকে অনেক কম।
অভিযোগ, এরপর সুরজ একাধিকবার পীতাম্বরের কাছে টাকা চাইতে গেলেও তিনি তা দেননি। অবশেষে পীতাম্বরের নামে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুরজ। তার ভিত্তিতে শুক্রবার শ্যামপুর থানার পুলিস পীতাম্বরকে গ্রেপ্তার করে। যদিও এদিন আদালতে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি করেন পীতাম্বর। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, অভিযোগের ভিত্তিতে পীতাম্বর ভক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিসি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।