নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ায়। পেশায় কলেজের আংশিক সময়ের শিক্ষক ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আদতে পূর্ব বর্ধমানের বাসিন্দা। তিনি হুগলির একটি কলেজে আংশিক সময়ের শিক্ষকতা করেন। প্রায় তিন বছর ধরে চুঁচুড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছেন তিনি। বাড়িতেই প্রাইভেট টিউশন পড়ান। গত মঙ্গলবার প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী তাঁর বাড়িতে পড়তে এলে ওই শিক্ষক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। সেই সময় অন্য কোনও শিক্ষার্থী ছিলেন না। এনিয়ে শুক্রবার বিকেলে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা ওই শিক্ষকের উপর চড়াও হন। যদিও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে। পরে কলেজ ছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষকের দাবি, তিনি নির্দোষ। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।



