সংবাদদাতা, ইসলামপুর: গোয়ালপোখরের একটি ছাত্রী আবাসে যৌন হেনস্তার ঘটনা সামনে আসায় আবাসিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার মেয়েদের নিরাপত্তার অভাব বোধ করায় অভিভাবকেরা তাদের বাড়ি নিয়ে গেলেন। ফলে ওই হস্টেলে বর্তমানে একজনও ছাত্রী নেই। বৃহস্পতিবার দুপুরে গোয়ালপোখরের বিডিও কৌশিক মল্লিক স্কুলে গিয়ে ঘটনার খোঁজখবর নেন। বিডিও বলেন, ভুল বোঝাবুঝির জন্য হস্টেল থেকে ছাত্রীরা চলে গিয়েছে। স্কুলে গিয়ে ঘটনার বিষয়ে শুনেছি। তবে আমার কাছে লিখিত কোনও অভিযোগ হয়নি। যাঁর কাছে অভিযোগ হবে, তিনি ব্যবস্থা নেবেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, সরকারি ওই হস্টেলে ১০০ জনের থাকার ব্যবস্থা আছে। ৫০ জনের অনুমোদন রয়েছে বলে তারা হস্টেলে থেকে পড়াশোনা করে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ওই হস্টেলে থাকে। এক শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ হয়েছে থানায়। এর পরেই ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন।



