নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি সংস্থার ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই সংস্থারই সিএফও (চিফ ফিনান্সিয়াল অফিসার)-কে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের প্রতারণা দমন শাখা। তারা জানিয়েছে, ধৃতের নাম প্রিয়ঙ্কর ঘোষ। সোমবার রাতে মনোহরপুকুর রোডের এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। কলকাতা পুলিসের ভারপ্রান্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার মঙ্গলবার এই খবর জানিয়েছেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিসের দাবি, লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে আর এন মুখার্জি রোডের একটি নামকরা চা কোম্পানির সিএফও হিসেবে কর্মরত ছিলেন প্রিয়ঙ্কর। সংস্থার অভিযোগ, ভুয়ো বিল তৈরি করে সংস্থার ২ কোটি সরিয়েছেন প্রিয়ঙ্কর সহ কয়েকজন। বিষয়টি নজরে আসার পর গত ১৬ মে স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চা কোম্পানির মালিক। অভিযোগ গুরুতর হওয়ায় হেয়ার স্ট্রিট থানার হাত থেকে তদন্তভার নেয় লালবাজারের প্রতারণা দমন শাখা। নির্দিষ্ট তথ্যপ্রমাণ হাতে
আসার পরই সোমবার রাতে গ্রেপ্তার করা হয় প্রিয়ঙ্করকে। ধৃতকে মঙ্গলবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক ২১ জুন পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।