Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টিবির জীবাণু চিহ্নিত করতে রামপুরহাট স্বাস্থ্য জেলায় শুরু সাই টেস্ট

টিবির জীবাণু চিহ্নিত করতে রামপুরহাট স্বাস্থ্য জেলায় শুরু সাই টেস্ট
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শরীরে টিবির জীবাণু রয়েছে কিনা তা জানতে রামপুরহাট স্বাস্থ্যজেলাজুড়ে শুরু হল সাই-টেস্ট। আপাতত ব্লক হাসপাতালগুলিতে এই পরীক্ষা শুরু হয়েছে। পরবর্তীতে কোল্ড চেন রয়েছে এমন সাব সেন্টারগুলিতেও এই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ডেপুটি সিএমওএইচ-১ অমিতাভ সাহা। টিবিমুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। লক্ষ্য ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মাকে সম্পূর্ণভাবে নির্মূল করা। সেজন্য নিক্ষয় মিত্র নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এছাড়া নতুন বছরের শুরু থেকে যক্ষ্মা দূরীকরণে প্রাপ্ত বয়স্কদের বিসিজি টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর। এরই মধ্যে এবার কারও শরীরে টিবির জীবাণু রয়েছে কিনা জানতে সাই টেস্ট শুরু হয়েছে। অমিতাভবাবু বলেন, কারও শরীরে জীবাণু রয়েছে মানেই তিনি যক্ষ্মারোগী তা কিন্তু নয়। কিন্তু দীর্ঘদিন ধরে শরীরে ওই জীবাণু থাকলে টিবি হওয়ার সম্ভবনা থেকে যায়। সেক্ষেত্রে আগে জানা গেলে প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এখন ব্লক হাসপাতালগুলিতে সপ্তাহে একদিন এই পরীক্ষা করা হচ্ছে। কারও শরীরে টিবির জীবাণুর অস্তিত্ব ধরা পড়লে সপ্তাহে একবার তিনটি করে ওষুধ খেতে হবে। ১২ সপ্তাহ ওই ওষুধ খেলেই তিনি টিবির জীবাণুমুক্ত হয়ে উঠবেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, যক্ষ্মা রোগীর সংস্পর্শে আসা, ডায়াবেটিস বা ক্যান্সার রোগে আক্রান্ত, ডায়ালিসিসি বা স্ট্রেরয়েড থেরাপির চলছে এমন মানুষদের টিবি হওয়ার সম্ভবনা বেশি। তাই এমন ব্যক্তিদের দেহে টিবির জীবাণু রয়েছে কিনা সেটা জানতেই এই টেস্ট। এটি মান্তু টেস্টের মতোই। আপাতত ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদেরই এই পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী সময়ে ১৮ বছরের নীচেও এই টেস্ট করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ