হারারে: ভাঙল শচীন তেন্ডুলকরের রেকর্ড। এতদিন ধরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশিদিন ধরে খেলার কৃতিত্ব ছিল মাস্টার ব্লাস্টারের। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয় তাঁর। এই ফরম্যাটে শচীনের শেষ ম্যাচও পাকিস্তানের বিরুদ্ধে, ২০১২ সালের ১৮ মার্চ মিরপুরে। মুম্বইকর তাই ঠিক ২২ বছর ৩ মাস ১ দিন খেলেছেন ওডিআই। এই রেকর্ডই মঙ্গলবার ভাঙলেন জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলর। ৪০ বছর বয়সি কিপার-ব্যাটারের একদিনের আন্তর্জাতিক খেলার মেয়াদ এখন ২২ বছর ৪ মাস। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ওডিআই অভিষেক ২০০৪ সালের ২০ এপ্রিল। এদিন হারারেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টপকে গেলেন শচীনকে।
তবে ভারতীয় কিংবদন্তির তুলনায় অনেক কম ম্যাচ খেলেছেন টেলর। শচীনের ওডিআই আন্তর্জাতিকের সংখ্যা ৪৬৩টি। তাতে ১৮৪২৬ রান রয়েছে তাঁর, যা রেকর্ড। এই আসরে সবচেয়ে বেশি শতরানের (৪৯) রেকর্ডও একসময় শচীনের ছিল। তবে তা এখন বিরাট কোহলির দখলে। অন্যদিকে, টেলর ২০৭ ম্যাচে পেয়েছেন ৬৭০৮ রান। এদিন অজিদের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ৪। তবে ফিল্ডিংয়ে ডানদিকে শরীর ছুড়ে জশ ইংলিসের ক্যাচ অবিশ্বাস্য দক্ষতায় নেন তিনি। যা নিয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। এই ফরম্যাটে তাঁর ১১টি শতরান ও ৩৯টি অর্ধশতরান রয়েছে। দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি তাঁরই। এরমধ্যে সর্বাধিক অপরাজিত ১৪৫। টেলর খেলেছেন ৩৭ টেস্ট এবং ৫৯ টি-২০ ম্যাচ। তাতে যথাক্রমে ২৪২০ ও ১২১৬ রান রয়েছে তাঁর।