নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মুখ্যমন্ত্রীর নির্দেশমতো জেলায় ভেজাল ওষুধ রুখতে টাস্ক ফোর্সের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জেলার ওষুধের দোকানগুলিতে নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই কাজে কোচবিহারের বিভিন্ন ওষুধের দোকান পরিদর্শন শুরু করেছে ওই টাস্ক ফোর্স। বুধবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রীকুমার আড়ি সহ বেশ কয়েকজন আধিকারিক শহরের কয়েকটি ওষুধের দোকানে যান। সেখানে নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধের তালিকা রাখার কথা বলা সহ ব্যবসায়ীদের বেশকিছু বিষয়ে সচেতন করা হয়।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরকে ওষুধের দোকান নিয়ে যে কাজের নির্দেশগুলি দিয়েছিলেন, ঠিক সেভাবেই স্বাস্থ্যদপ্তর কাজ করছে। এটা যাতে সর্বতোভাবে করা যায় ও মানুষ জানতে পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে। কিছু ব্যাচ নম্বর বাদ দিয়ে ওষুধ কিনতে হবে। সেই বিষয়টি দেখতেই এদিন টাস্ক ফোর্সের পক্ষ থেকে ওষুধের দোকানে যাওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্যদপ্তর, ড্রাগ কন্ট্রোল, জেলা প্রশাসন, পুলিসকে নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জেলায় প্রায় দুই হাজার ওষুধের দোকান রয়েছে। সেই দোকানগুলিই খতিয়ে দেখার কাজ চলছে। যে সমস্ত ওষুধ সম্পর্কে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে, সেই ওষুধ যাতে মানুষ না কেনেন, সেবিষয়ে সচেতন করা হচ্ছে। মানুষ সহজেই যাতে বুঝতে পারেন, সেসব ওষুধের তালিকা দোকানগুলির বাইরে টাঙাতে হবে।