Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন তেহলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল। আজ, বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্ট।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ
  • ৬ আগস্ট, ২০২৬ ১১:০২
Prefer us on Google

মুম্বই, ৬ আগস্ট: ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন তেহলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল। আজ, বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্ট। ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। পাশাপাশি আত্মসমর্পণ করার জন্য তাঁকে ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আজ বিচারপতি নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা গোয়া সরকারের হয়ে আদালতে সওয়াল করেন। অন্যদিকে, তরুণের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আবাদ পোণ্ডা। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) এফ ও ৩৭৬(২) কে এবং ৩৫৪ এ এবং ৩৫৪ বি ধারার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

Advertisement

২০১৩ সালে এক অধস্তন কর্মীকে যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে তরুণ তেজপালের বিরুদ্ধে। অভিযোগ, ওই বছরের নভেম্বর মাসে গোয়ায় একটি ফেস্টিভাল চলাকালীন হোটেলে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। গোয়া পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। শুরু হয় তদন্ত। এরপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু ২০১৪ সালে জামিনে ছাড়া পান তিনি। ২০১৭ সালে ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগে গোয়ার আদালতে মামলার শুনানি শুরু হয়। তবে ২০২১ সালে রেহাই পান তিনি। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় গোয়া সরকার। সেই মামলারই শুনানি চলছিল। আজ ওই মামলাতেই বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চে দোষী সাব্যস্ত হন তরুণ। আজ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তেজপাল বলেন,  বর্তমানে আমার বয়স ৬২। আমি মনে করি আমিই ভিকটিম। আমার স্ত্রী রয়েছেন। এর থেকে বেশি আমার কিছুই বলার নেই। দয়া করে আমার প্রতি সহানুভূতিশীল হন এবং লঘুদণ্ড দিন। জানা গিয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জানাতে পারেন তেজপালের আইনজীবী। প্রসঙ্গত, এর আগেও তরুণ দাবি করেছিলেন গোয়ার বিজেপি সরকারের সমালোচনা করার প্রতিশোধ হিসেবেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা এনেছে সে রাজ্যের সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ