লক্ষ্য ওবিসি ভোট, ছোটো দলগুলির সঙ্গ চাইছে সপা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: লক্ষ্য ওবিসি ভোট। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তাই ছোটো ছোট সংগঠনকে কাছে টানতে তৎপর অখিলেশ যাদব। ইতিমধ্যেই বেশ কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে কথাও বলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। সূত্রের খবর, নিজেদের দিকে টানতে সংগঠনগুলিকে কিছু আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আপনা দল (কামেরাবাদী), মহান দলের মতো সংগঠনের সঙ্গে কথাবার্তা চলছে। জানা গিয়েছে, কুরমি ভোটারদের মধ্যে বিশেষ প্রভাব রয়েছে আপনা দলের প্রধান কৃষ্ণা প্যাটেলের। ২০২২ সালেও জোট ছিল। সংগঠনের নেত্রী পল্লবী প্যাটেলকে টিকিটও দেওয়া হয়েছিল। সাত হাজার ভোটে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে হারিয়ে দিয়েছিলেন তিনি। এবারও আপনা দলকে তিনটি আসন বা সপার প্রতীক দিতে পারেন অখিলেশ। একইভাবে মহান দলের প্রধান কেশব দেব মৌর্যেরও পশ্চিম ও মধ্য উত্তরপ্রদেশের কুরমি ভোটে প্রভাব রয়েছে। তাদেরও আসন ছাড়তে পারে এসপি। এরমধ্যে খবর, আম আদমি পার্টির সঙ্গেও জোটের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া শিবিরের অন্যতম শরিক কংগ্রেস কী প্রতিক্রিয়া দেয়, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ, পাঞ্জাব বিধানসভা ভোটে মুখোমুখি লড়াইয়ে নেমেছে আপ, কংগ্রেস। সেক্ষেত্রে পাঞ্জাবে কুস্তি আর উত্তরপ্রদেশের দোস্তি—দু’দল মেনে নেবে কি না, সেই নিয়ে সংশয়ে সংশ্লিষ্ট মহল। 

Advertisement

এরইমধ্যে যোগীরাজ্যের পুলিশ-প্রশাসনকে ফের আক্রমণ করেছেন অখিলেশ। তাঁর অভিযোগ, ভোটের আগে রাজ্যের কিছু সরকারি আধিকারিকরা বিজেপি নেতার মতো আচরণ করছে। এদিকে, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা ইতিবাচক দিকেই এগচ্ছে বলে জানিয়েছেন তিনি।