Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপুর জনহিতৈষী মহিলা সমিতির সচেতনতামূলক প্রচার অভিযান

তারাপুর জনহিতৈষী মহিলা সমিতির সচেতনতামূলক প্রচার অভিযান
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর: বিশ্ব নারীদিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচার অভিযান চালালেন হোগলবেড়িয়া থানার তারাপুর জনহিতৈষী মহিলা সমিতির সদস্যরা। এদিন হরেকৃষ্ণপুর, করিমপুর ও মধুগাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের সঙ্গে ছিলেন সীমান্তের ১৪৬নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা এবং হোগলবেড়িয়া থানার পুলিস। জনহিতৈষী মহিলা সমিতির সম্পাদিকা ফারহানাজ আখতার বানু ও সভাপতি তহমিনা ইসলাম বলেন, সীমান্তের মানুষকে, বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী এবং সচেতন করাই মূল উদ্দেশ্য। এদিন এলাকার মহিলাদের নিয়ে পদযাত্রা করা হয়। এরপর প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মানব পাচার রোধে মহিলাদের কী করা উচিত সেবিষয়ে জানান বিএসএফ ও পুলিস অফিসাররা। 

Advertisement

তাঁরা মহিলাদের বোঝান, ফোনে, সমাজ মাধ্যমে বা সরাসরি কেউ কাজের নাম করে বাইরে নিয়ে যাওয়ার কথা বললে, কিংবা বিয়ের প্রলোভন দিলে তা বাড়িতে এবং স্থানীয় পুলিসকে জানাতে হবে। নিজের এলাকায় বাইরের সন্দেহজনক কাউকে দেখলে প্রতিবেশী, পুলিস বা বিএসএফকে জানাতে বলা হয়। অনুষ্ঠানে হোগলবেড়িয়া থানার এক পুলিস আধিকারিক বলেন, সমাজ মাধ্যমে এখন বহু মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। মহিলাদের সেই ব্যাপারে সচেতন করা হয়েছে। কখনও অপরাধীদের কোনও ফাঁদে পা দেওয়া যাবে না। বিপদের আঁচ বুঝলেই পুলিসকে জানাতে হবে। বিএসএফ আধিকারিক জানান, প্রতিমাসে ৪-৫দিন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মানুষকে মানব পাচার নিয়ে সচেতন করা হয়। ক’দিন আগেও  পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আঙারদহ প্রাথমিক বিদ্যালয় এবং শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলালপুর এসএসকেতে মহিলাদের সচেতন করা হয়েছে। এদিন বিশ্ব নারীদিবসে উপস্থিত মহিলাদের সেই বিষয়ে সচেতন করা হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ