তারকেশ্বরকে সেরার পুরস্কার, পর্দায় দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ সম্মান’
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি সরকারের চিত্র-বিভ্রাট যেন কাটছে না! মধ্যপ্রদেশের উন্নয়ন দেখাতে একসময় ব্যবহার করা হয়েছিল পশ্চিমবঙ্গের দুর্গাপুর হাইওয়ের ছবি। একইভাবে বুধবারও চিত্র-বিভ্রাটের সাক্ষী রইল নয়াদিল্লির বিজ্ঞান ভবন। তারকেশ্বর তুলে ধরতে দৈত্যাকার পর্দায় ফুটে উঠল দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। সেই প্রেক্ষাপটেই মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন রাজ্যের পুর-নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ‘স্বচ্ছ সর্বেক্ষণ সম্মান’ আয়োজনে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর। দেশের প্রতিটি রাজ্যকে দেওয়া হয়েছে সেই রাজ্যের মধ্যে স্বচ্ছতায় সেরা শহরকে পুরস্কার। 

Advertisement

সম্মান নিতে যাওয়ার আগে বঙ্গভবনে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, কলকাতা, আসানসোল সহ পশ্চিমবঙ্গের ১৩০টি শহরকে সমীক্ষার জন্য বেছেছিল কেন্দ্রীয় সরকার। তার মধ্যে তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সেরা স্বচ্ছ শহর হিসাবে। আমরা গর্বিত। আগামী দিনে গোটা রাজ্যের সব শহরকেই সুন্দর, স্বচ্ছ করে গড়ে তোলা হবে।’ সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর পাশে ছিলেন নগরোন্নয়ন দপ্তরের যুগ্মসচিব সুপ্রিয় অধিকারী, তারকেশ্বর উন্নয়ন অথরিটির চেয়ারম্যান অনুজপ্রতাপ সিং।
এদিকে, বিজ্ঞান ভবনে জাতীয় সম্মান অনুষ্ঠানে পরিচ্ছন্নতা সমীক্ষায় দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের সম্মান পেল নবি মুম্বই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে সুরাত এবং বিজয়ওয়াড়া। পাশাপাশি ৩-১০ লক্ষ জনসংখ্যার শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে প্রথম পুরস্কার পেল উজ্জয়িনী। দ্বিতীয় চণ্ডীগড়, তৃতীয় গুন্টুর। উল্লেখযোগ্যভাবে, গত আট বছর ধরে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা ধরে রাখা মধ্যপ্রদেশের ইন্দোর এ বছর সেরার তালিকায় জায়গা পায়নি।
নদীতীরবর্তী শহরের তালিকায় প্রথম হয়েছে মধ্যপ্রদেশের রেওয়া। দ্বিতীয় বিলাসপুর এবং তৃতীয় বারাণসী। ১০ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে প্রথম পুরস্কার পেল গ্রেটার বিশাখাপত্তনম। দ্বিতীয় জব্বলপুর এবং তৃতীয় লখনউ। নগরোন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী, পরিচ্ছন্ন উপকূলীয় শহরের তালিকায় প্রথম পুরী। দ্বিতীয় কেরলের আলাপ্পুঝা এবং তৃতীয় মহারাষ্ট্রের রত্নগিরি। অন্যদিকে, সবচেয়ে পরিচ্ছন্ন হিমালয়ান শহরের শিরোপা পেল রুদ্রপুর। দ্বিতীয় জম্মু। তৃতীয় সোপিয়ান।