সংবাদদাতা তারকেশ্বর: ভবিষ্যতে তারকেশ্বরকে শৈবতীর্থ নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এর জন্য জরিপের কাজ শুরু হয়েছে। তৈরি হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ। শিব মন্দিরকে কেন্দ্র করে কয়েকশো বছর আগে গড়ে ওঠে তারকেশ্বর শহর। মন্দিরের টানে হাজার হাজার ভক্তের সমাগমকে গুরুত্ব দিয়ে ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল রেলপথ। তারপর জনসংখ্যা বেড়েছে শহরের। শ্রাবণ ও চৈত্র মাস ছাড়াও বছরভর পুণ্যার্থী আগমন হয়। তবে ভিড় বাড়লেও রাস্তার আয়তন বাড়েনি। ঘন জনবসতিপূর্ণ এলাকায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিসকে। এই সমস্যা সামাল দিতে শহর নতুন রূপে সাজাতে চাইছে প্রশাসন। তাই চলছে গুরুত্বপূর্ণ সমীক্ষা।
জানা গিয়েছে, তারকেশ্বর পুরসভার পাঁচটি সহ মোট ৬০টি মৌজা নিয়ে তৈরি করা হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ। ৮০.৪৪ বর্গ কিলোমিটার এলাকা ম্যাপের অন্তর্ভুক্ত হবে। ২ জুন ২০১৭ তারকেশ্বর উন্নয়ন পরিষদ গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তারকেশ্বর পুরসভার অন্তর্গত ১৫টি ওয়ার্ড ও ১০টি পঞ্চায়েতের মধ্যে সাতটি এলাকা তারকেশ্বর উন্নয়ন পরিষদের অন্তর্ভুক্ত। উন্নয়ন পরিষদের জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দ হয়। আগামী দিন ল্যান্ড ইউজ ম্যাপের সাহায্য নিয়ে এর রূপরেখা তৈরি হবে। ম্যাপে থাকবে ছোট-বড় সব রকম রাস্তা, বনাঞ্চল, বিদ্যুৎ লাইন, জলাশয়, কৃষিক্ষেত্রের তথ্য। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, বর্তমানে নতুনভাবে শৈব নগর গড়ার পরিকল্পনা রয়েছে। ম্যাপ অনুযায়ী পরিকল্পনা করে সে কাজ হবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আমরা সকলে খুবই আনন্দিত। পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন রূপে সেজে উঠবে তারকেশ্বর। -ফাইল চিত্র