নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: চার বছরের শিশুকে অপহরণ করে বলি দেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার করা হল এক তান্ত্রিককে। শনিবার গভীর রাতে চন্দ্রকোণা রোড পুলিস ফাঁড়ি এলাকার বাসিন্দা ‘তান্ত্রিক’ রঞ্জন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সে অভিযুক্ত রঞ্জিত রুইদাসের গুরু বলে পরিচিত। রবিবার দু’জনকেই আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় এখনও সারগা গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছেন পুলিসের আধিকারিকরা। প্রসঙ্গত, শনিবার দুপুরের খাবার খাওয়ার পর সারগা গ্রামে চার বছরের একটি শিশু ঘরে ঘুমাচ্ছিল। তবে কিছু সময় পর শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দারাও শিশুটির খোঁজ শুরু করেন। সেই সময় তাঁরা দেখতে পান রঞ্জিতের একটি বন্ধ ঘরের জানলায় শিশুটি বসে আছে। তার সারা শরীরে সিঁদুর মাখানো হয়েছে। প্রতিবেশীরা দ্রুত ওই শিশুকে উদ্ধার করে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিবারের সদস্য ও গ্রামবাসীদের অনুমান, শিশুটিকে বলি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিস বাহিনী। রঞ্জিতকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিস। একইসঙ্গে রঞ্জিতকে জিজ্ঞাসাবাদ করে তার গুরু রঞ্জনের কথা জানতে পারেন পুলিসের আধিকারিকরা। এরপর রঞ্জনকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়।



