নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় দে পরিবারের হত্যাকাণ্ডের মামলা বৃহস্পতিবার শিয়ালদহের নিম্ন কোর্ট থেকে গেল উচ্চ আদালতে। ১৯ জুন জেল হেফাজতে থাকা দুই ভাই প্রসূন দে ও প্রণয় দে’কে শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। সম্প্রতি পুলিস চার্জশিট দিয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে। এদিন সেই আইনি নথির প্রতিলিপি তাঁদের হাতে তুলে দেওয়ার কথা। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন জেল থেকে প্রসূন দে’কে কোর্টে হাজির করা হয়েছিল। পুলিসের পক্ষ থেকে তাঁর হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হয়। কিন্তু প্রণয় দে অসুস্থ থাকায় তাঁকে কোর্টে হাজির করা সম্ভব হয়নি। সেই মর্মে জেল থেকে রিপোর্ট আসে। ফলে তাঁর হয়ে আইনি নথির প্রতিলিপি নেন লিগাল এইড নিযুক্ত আইনজীবী কবিতা সরকার।



