নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার কোলাঘাট থানার খন্যাডিহিতে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের মিনি ব্রাঞ্চের উদ্বোধন হল। এদিন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ব্যাঙ্কের ওই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতি, ভাইস চেয়ারম্যান চঞ্চল খাঁড়া, ব্যাঙ্কের সিইও শুভম দাস।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এবং পূর্ব মেদিনীপুরের তমলুক ও হলদিয়া মহকুমা এলাকাজুড়ে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিধি। গ্রাহক সংখ্যা প্রায় সাত লক্ষ। মূলধনের পরিমাণ প্রায় ৩৫০০কোটি টাকা। ওই ব্যাঙ্কের মোট ২৬টি শাখা রয়েছে। পরিষেবা গ্রাহকের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বেশকিছু মিনি ব্রাঞ্চ খোলার পরিকল্পনা নেয়। সেইমতো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাতটি মিনি ব্রাঞ্চ খোলার অনুমতি দেয়। মঙ্গলবার চতুর্থ মিনি ব্রাঞ্চের উদ্বোধন হল। সেখানে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সিইও হিরোজ মাইতি, এআরসিএস সোমনাথ সেন, জেলা পরিষদের উপাধ্যক্ষ সুমিত্রা পাত্র সহ আরও অনেকে ছিলেন।
অন্য কোনও সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের মিনি ব্রাঞ্চ নেই। সেদিক থেকে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের এই ভাবনা অভিনব। মিনি ব্রাঞ্চ সেই এলাকার মূল শাখার এক্সটেনশন কাউন্টার হিসেবে চালু থাকছে। কোলাঘাট শাখার অধীনে এক্সটেনশন কাউন্টার হিসেবে কাজ করবে খন্যাডিহি মিনি ব্রাঞ্চ। ওই ব্যাঙ্কের একটি শাখা চালাতে যা খরচ হয় তার এক-তৃতীয়াংশ খরচে একটি মিনি ব্রাঞ্চ চালানো যাবে। অথচ, সেই মিনি ব্রাঞ্চ থেকে সব ধরনের পরিষেবা দেওয়া হবে। মাত্র তিনজন কর্মী, ৮০০বর্গফুটের জায়গা নিয়ে তৈরি হচ্ছে এই মিনিব্রাঞ্চ। এই উদ্যোগ সফল ও লাভজনক হবে বলে ব্যাঙ্কের অফিসারদের দাবি। এদিন মন্ত্রী বিপ্লববাবু বলেন, কোলাঘাটের খন্যাডিহিতে একটা শাখা খোলার জন্য তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টরের মাধ্যমে আবেদন জানিয়েছিলাম। এখানে শাখা চালু হওয়ায় অনেকেই উপকৃত হবেন। এলাকার ছোট-মাঝারি দোকানদার, চাষি, খেটে খাওয়া মানুষজনের সুবিধা হবে।
ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতি বলেন, এই শাখার মাধ্যমে এলাকার গরিব চাষিদের কৃষিলোন দিতে পারব। ছোট-মাঝারি ব্যবসায়ীদের ১০হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।
বিভিন্ন প্রকল্পের কাজ করতে পারব। এই সমবায় এলাকার পিছিয়ে পড়া, খেটে খাওয়ার মানুষের জন্য কাজ করবে। সমাজের সিংহভাগ মানুষকে সমবায় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী দিনে এই ব্যাঙ্ক যথাযথ দায়িত্ব পালন করবে। ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান চঞ্চল খাঁড়া বলেন, এই এলাকার মানুষের স্বার্থে খন্যাডিহি মিনি ব্রাঞ্চ চালু হল। আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। এখানে দক্ষ অফিসার ও কর্মীরা থাকবেন।-নিজস্ব চিত্র