Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘তামিলনাড়ু জিতবেই’, ত্রিমুখী ভোটযুদ্ধে আত্মপ্রত্যয়ী স্ট্যালিন

চেন্নাইয়ের সিআইইটি কলেজ। বৃহস্পতিবার সকাল সকাল ভোট দিতে হাজির মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সঙ্গে স্ত্রী দুর্গা ও পুত্র তথা উপমুখ্যমন্ত্রী উদয়নিধি।

‘তামিলনাড়ু জিতবেই’, ত্রিমুখী ভোটযুদ্ধে আত্মপ্রত্যয়ী স্ট্যালিন
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই (পিটিআই): চেন্নাইয়ের সিআইইটি কলেজ। বৃহস্পতিবার সকাল সকাল ভোট দিতে হাজির মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সঙ্গে স্ত্রী দুর্গা ও পুত্র তথা উপমুখ্যমন্ত্রী উদয়নিধি। মিডিয়ার হুড়োহুড়ি, ক্যামেরার নজর সবটাই তাঁদের ঘিরে। ভোট দিয়ে বেরিয়ে চেনা মেজাজেই দেখা গেল ডিএমকে সুপ্রিমোকে। তামিল অস্মিতার সুর চড়িয়ে বললেন, এই লড়াই টিম তামিলনাড়ু বনাম টিম দিল্লির। তারপরই মুষ্ঠি উঁচিয়ে স্ট্যালিনের ঘোষণা, ‘তামিলনাড়ু জিতবেই।’ দক্ষিণের এই রাজ্যে এসআইআর পর্বে ৯৭ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। এখানে লড়াইও আর সেই চিরাচরিত ডিএমকে বনাম এআইএডিএমকে জোটের মধ্যে সীমাবদ্ধ নেই। রুপোলি পর্দা থেকে সোজা ভোট-ময়দানে ‘হুইসল’ বাজিয়ে হাজির সুপারস্টার বিজয়। তাঁর দল টিভিকে-র কারণে লড়াই এবার ত্রিমুখী। প্রতিষ্ঠিত দ্রাবিড়ীয় দলগুলির ভোটব্যাংকে সিধ কাটতে বিজয় কতটা সফল হন, সেদিকে বাড়তি নজর থাকছে। আর এই তিনমুখী যুদ্ধে নেমে এসআইআর পরবর্তী পর্বে ঢেলে ভোট দিল তামিলনাড়ু। নির্বাচন কমিশনের হিসাব বলছে, বিকেল পাঁচটা পর্যন্ত রেকর্ড ৮৪.২৯ শতাংশ ভোট পড়েছে।

Advertisement

এবার ২ কোটি ৯৩ লক্ষ মহিলা, ২ কোটি ৮৩ লক্ষ পুরুষ ও ৭ হাজার ৭২৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তামিল-ভূমে। প্রথমবারের ভোটার প্রায় ১৪ লক্ষ ৬০ হাজার। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সেখানে ৩০০ কোম্পানি আধাসেনা মোতায়েন করেছিল কমিশন। সেইসঙ্গেই ছিলেন প্রায় ৮৪ হাজার রাজ্য পুলিশকর্মী। ২৩৪টি বিধানসভা আসনে ৭৫ হাজারেরও বেশি ভোটগ্রহণ কেন্দ্রে এদিন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভাগ্য নির্ধারণ হয়েছে মোট ৪ হাজার ২৩ জন প্রার্থীর। মেলেনি অপ্রীতিকর কোনো ঘটনার খবর। এদিন সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ। চেন্নাই, সালিম, কোয়েম্বাটোর ও মাদুরাই সহ রাজ্যের বিভিন্ন শহরে সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হন হেভিওয়েট রাজনৈতিক নেতা থেকে দক্ষিণী ফিল্মস্টার ও সেলিব্রিটিরা।
তামিলনাডুতে এবার মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নেতৃত্বে ফের সরকার গড়ার লক্ষ্যে লড়ছে ক্ষমতাসীন ডিএমকে-কংগ্রেস জোট। উলটো দিকে মূল প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীর নেতৃত্বাধীন আইএডিএমকে-বিজেপি জোট। আর রয়েছে রাজনীতিতে নবাগত সুপারস্টার বিজয়ের দল টিভিকে। এছাড়া ভোটের ময়দানে রয়েছে তামিল জাতীয়তাবাদী নেতা সিমানের নেতৃত্বাধীন এনটিকে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের মতোই জয় নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ শিবিরের মুখ তথা এআইএডিএমকে সুপ্রিমো পালানিস্বামীও। সালিম জেলার সিলুভামপালায়মে ভোটদান করেন তিনি। ভোট দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম, টিভিকে প্রধান অভিনেতা বিজয়, তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির এবারের অন্যতম হেভিওয়েট প্রার্থী তামিলিসাই সৌন্দরারাজন, এনটিকে শীর্ষনেতা সিমান, এএমএমকে প্রধান দীনাকরন, এমডিএমকে প্রতিষ্ঠাতা ভাইকো। বিভিন্ন বুথে সেলিব্রিটিদের ভোটারদের তালিকায় ছিলেন সুপারস্টার রজনীকান্ত, কমল হাসান, অজিত কুমার, ধনুষ, সংগীতশিল্পী ইলাইয়ারাজা প্রমুখ। এছাড়া, চেন্নাইয়ে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, বিজেপি নেত্রী খুশবু ও তাঁর পরিচালক স্বামী সুন্দর সি। তামিলনাড়ুর মানুষকে ভোটদানে আহ্বান জানিয়ে সকাল সকাল এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

সম্পর্কিত সংবাদ