সংবাদদাতা, উলুবেড়িয়া: তামিলনাড়ুতে সোনার দোকানে কাজ করতে গিয়ে কয়েকশো গ্রাম সোনা চুরি করে পালিয়ে এসেছেন। এই অভিযোগ উঠেছিল রাজ্যের কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে সোমবার উদয়নারায়ণপুরের ভবানীপুর থেকে দীপাঞ্জন পাইন এবং হুগলির হায়াতপুর থেকে কৃষ্ণপদ কারক নামে দুই যুবককে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিস। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে উদয়নারায়ণপুরের এক যুবকের সঙ্গে তামিলনাড়ুতে সোনার কাজ শিখতে যান দীপাঞ্জন এবং কৃষ্ণপদ। সঙ্গে আরও কয়েকজন এলাকার যুবক ছিলেন। অভিযোগ, ১৯ মে ওই দুই যুবক তামিলনাড়ুর ওই দোকান থেকে বেশ কয়েকশো গ্রাম সোনা চুরি করে এই রাজ্যে পালিয়ে আসেন। এরপরেই দোকানের মালিক তাঁদের নামে পুলিসে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে তামিলনাড়ু পুলিস ওই দুই যুবকের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। যদিও দুই যুবকের পরিবারের দাবি, যে যুবক তাঁদের কাজে নিয়ে গিয়েছিলেন, তিনিই তাঁদের ফাঁসিয়েছেন।