সংবাদদাতা, তারকেশ্বর: জগদ্ধাত্রীর জন্য হুগলির চন্দননগরের নাম বিখ্যাত। এছাড়া রিষড়া, সিঙ্গুরেও নজরকারা কিছু পুজো হয়। এছাড়াও বিখ্যাত তারকেশ্বরের তালপুর গ্রামের জগদ্ধাত্রী। ধুমধামের কারণে অনেকেই তালপুরকে মিনি চন্দননগর বলে থাকে।
সংবাদদাতা, তারকেশ্বর: জগদ্ধাত্রীর জন্য হুগলির চন্দননগরের নাম বিখ্যাত। এছাড়া রিষড়া, সিঙ্গুরেও নজরকারা কিছু পুজো হয়। এছাড়াও বিখ্যাত তারকেশ্বরের তালপুর গ্রামের জগদ্ধাত্রী। ধুমধামের কারণে অনেকেই তালপুরকে মিনি চন্দননগর বলে থাকে।
এখানে জগদ্ধাত্রী পুজো শুরুর একটি ঘটনা আছে। ২৯ বছর আগে কালীপুজোর আগের দিন মৃত্যু হয়েছিল গ্রামের এক যুবকের। আকস্মিক ঘটনায় বন্ধ হয়ে যায় গ্রামের কালীপুজো। তারপর মৃতের নামে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। ধীরে ধীরে পুজোর সংখ্যা বাড়ে। এবছর ১২টি হচ্ছে। দূরদূরান্ত থেকে প্রতিমা দর্শনে আসে দর্শনার্থীরা।
নজরকাড়া পুজোগুলির মধ্যে রয়েছে তালপুর বাঁশতলার পুজো। এখানে একটি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এছাড়া নামী তালপুর দক্ষিণপাড়া স্মরণিকা সংঘের পুজো। পুরনো ঐতিহ্যবাহী ধর্মীয় আচারে ব্যবহৃত কিছু সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এদের মণ্ডপ। বিশাল উচ্চতার প্রতিমা দেখতে ভিড় করে বহু মানুষ। এছাড়া তালপুর দক্ষিণপাড়া সার্বজনীন পুজো নিয়েও মাতামাতি আছে। এবছর ১৮তম বর্ষ পুজোর। উদ্যোক্তারা প্রতিবছর গ্রামের বৃদ্ধ-বৃদ্ধাদের বিভিন্ন মণ্ডপে নিয়ে গিয়ে ঠাকুর দেখানোর ব্যবস্থা করে। এবছর আকর্ষণের কেন্দ্রে অধিকারী পরিবারের পুজো। তৃতীয় বছরে পদার্পণ করেছে সেটি। পুজোর থিম পরম্পরা। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের পিংলা গ্রামে পটাচিত্র তৈরি করেন কিছু শিল্পী। তাঁদের বংশপরম্পরার কাহিনি তুলে ধরা হয়েছে থিমে। নদীয়ার কৃষ্ণনগরে তৈরি প্রতিমা সকলকে মুগ্ধ করবে বলে দাবি উদ্যোক্তাদের। এর পাশাপাশি উদয় সংঘের পুজোও ঘিরেও উৎসাহ রয়েছে। ২৫তম বর্ষ তাদের। একটি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এছাড়া জাগরণী সংঘের পুজো এবার ২৭তম বর্ষে পদার্পণ করেছে। স্বস্তিকা চিহ্নের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। দক্ষিণ ভারতের একটি মন্দিরের দেওয়ালে খোদাই করা প্রাচীন কারুকার্য তুলে ধরা হয়েছে। ক্লাবের সদস্যরা নিজেরাই তৈরি করেছেন প্যান্ডেল। বেশিরভাগ পুজোয় সন্ধ্যা থেকেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া তারকেশ্বর পুরসভা এলাকায় নতুনবাজারে আগন্তুক সংঘের পুজোর থিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। ২৪তম বর্ষে পদার্পণ করেছে পুজো। উদ্যোক্তাদের দাবি, শিব ভক্তদের কাছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের কারণেই জনপ্রিয়তা পাবে পুজো। দীর্ঘদিন ধরে তালপুর এলাকার জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা রয়েছে। তারকেশ্বর সহ পাশাপাশি বেশ কয়েকটি ব্লকের মানুষ আসে। এবছরও বহু মানুষের সমাগম হবে বলে দাবি পুজো উদ্যোক্তাদের।