মুম্বই: টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসর ঘোষণা নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। কেউ বলেছেন, এর নেপথ্যে রয়েছে টিম ম্যানেজমেন্টের চাপ। আবার কারও মতে, ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থতাই তাঁকে চাপে ফেলেছে। এই প্রসঙ্গে এতদিন পর মুখ খুললেন রোহিত শর্মা। পরোক্ষভাবে জানালেন, পাঁচ দিনের ক্রিকেটের ধকল নেওয়ার ক্ষমতা কমেছে বলেই এই ফরম্যাট থেকে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। সোমবার এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। লাল বলের ক্রিকেটে পাঁচ দিনের ধকল আপনাকে সামলাতে হবে। কাজটা রীতিমতো চ্যালেঞ্জিং। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘মুম্বইয়ে ক্লাব ক্রিকেটের হাত ধরে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেছিলাম। তখন দু-তিন দিন ধরে খেলা চলত। ধীরে ধীরে আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। ফলে পরবর্তীকালে পরিস্থিতি সামাল দিতে কোনও অসুবিধা হয়নি।’



