মুম্বই: প্রথম তিনজনের মধ্যে দু’জনই ফর্মে নেই। কিন্তু টি-২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে তার প্রভাব পড়ার সম্ভাবনা কম। শনিবার ঘোষিত হবে দল। অধিনায়ক সূর্যকুমার যাদব আর সহ-অধিনায়ক শুভমান গিল থাকছেনই। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করা ঈশান কিষানের ১৫ জনের তালিকায় থাকার সম্ভাবনা বিশেষ নেই। মহম্মদ সামির জন্য বন্ধ হওয়া দরজা খোলার আশাও অলীক। মহম্মদ সিরাজের ক্ষেত্রেও তাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুড়ি ওভারের সিরিজে থাকা ক্রিকেটাররাই প্রাধান্য পাবেন স্কোয়াডে। অবশ্য, ৭ ফেব্রুয়ারি কাপযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত দলে পরিবর্তন ঘটতেই পারে। ঠিক যেভাবে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যশস্বী জয়সওয়ালকে ছেঁটে ফেলে অন্তর্ভুক্ত করা হয়েছিল বরুণ চক্রবর্তীকে।
ফর্ম হাতড়ানো সূর্য বা গিলকে সেভাবে বসানোর সম্ভাবনা বিশেষ নেই। এমনিতেও ক্যাপ্টেন হিসেবে ‘স্কাই’ যথেষ্ট সফল। ব্যাটে রান না করলেও তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া রীতিমতো ধারাবাহিক। তবে আভাস মিলছে, বিশ্বকাপের পর সূর্যের বিদায় ঘণ্টা বাজতে পারে। একেই তাঁর বয়স ৩৫। তার উপর বছরখানেকেরও বেশি রানে নেই। গত বছরের নভেম্বর থেকে এই ফরম্যাটে নীল জার্সিতে একটাও পঞ্চাশ আসেনি। নেহাত ক্যাপ্টেন বলেই তিনি টিকে যাচ্ছেন। মুশকিল হল, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী সূর্যের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন আর একজন অফফর্মে থাকা ক্রিকেটারকে। তিনি গিল। ধুমধাড়াক্কার এই ঘরানায় দেশের হয়ে তাঁর শেষ হাফ-সেঞ্চুরি এসেছিল ১৮ ইনিংস আগে। গিলকে যদিও লম্বা রেসের ঘোড়া হিসেবেই ভাবা হচ্ছে। তিন ফরম্যাটেই সেজন্য নেতৃত্বের মুকুট পরিয়ে দেওয়ার ব্যবস্থা পাকা। ওপেনার হিসেব সফল সঞ্জু স্যামসনকে সেজন্যই সরিয়ে ওপেন করছেন গিল। প্রথমে মিডল অর্ডারে নামানো হয়েছিল সঞ্জুকে। এখন প্রথম এগারোয় তিনি অটোমেটিক চয়েস নন। জিতেশ শর্মাই দলের পয়লা কিপার। একইভাবে কিপার হিসেবে ঈশানের দলে আসার সম্ভাবনা কমেছে। যশস্বীর জায়গাও কার্যত নেই। কারণ, অভিষেক শর্মার সঙ্গে শুভমানই যাবেন ওপেন করতে। প্রয়োজন পড়লে তৃতীয় ওপেনার হিসেবে সঞ্জু আছেন।
সম্ভাব্য স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।
সম্ভাব্য স্ট্যান্ড-বাই: যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি/শাহবাজ আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা।