সংবাদদাতা, কাঁথি: এগরা-২ পঞ্চায়েত সমিতি আগেই বিজেপির হাতছাড়া হয়েছিল। এবার সেখানকার স্থায়ী সমিতি দখলে নিল তৃণমূল। সোমবার নির্বাচনের মাধ্যমে স্থায়ী সমিতি গঠিত হয়। এদিন ভোটাভুটির মাধ্যমে ন’টি স্থায়ী সমিতিতে পাঁচজন করে ৪৫জন নির্বাচিত হন। সেখানে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, এগরার বিধায়ক তরুণকুমার মাইতি, ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, সহ-সভাপতি রাজকুমার দুয়ারি সহ অন্যরা উপস্থিত ছিলেন। তবে বিজেপির কোনও সদস্য উপস্থিত ছিলেন না।১৪ নভেম্বর অনাস্থা ভোটের মাধ্যমে স্থায়ী সমিতি বিজেপির হাতছাড়া করেছিল তৃণমূল। তারপর এদিন স্থায়ী সমিতির নির্বাচন হল। কিছুদিনের মধ্যেই কর্মাধ্যক্ষ নির্বাচন হবে।বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় হাজরা বলেন, প্রশাসনকে কাজে লাগিয়ে, অগণতান্ত্রিকভাবে স্থায়ী সমিতি দখল করেছিল তৃণমূল। আমরা এনিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। মানুষই আগামী দিনে এর যোগ্য জবাব দেবে।বিধায়ক তরুণবাবু বলেন, যতদিন স্থায়ী সমিতি বিজেপির দখলে ছিল, ততদিন কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। উন্নয়ন পুরোপুরি স্তব্ধ ছিল। এবার স্থায়ী সমিতি আমাদের দখলে আসায় উন্নয়নে গতি আসবে।



