Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১১টি প্যাকেটে ৭২কেজি গাঁজা সহ আটক গাড়ি, গ্রেপ্তার চালক

১১টি প্যাকেটে ৭২কেজি গাঁজা সহ আটক গাড়ি, গ্রেপ্তার চালক
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মঙ্গলবার সকালে দেওয়ানদিঘি থানার পুলিস প্রায় ৭২কেজি গাঁজা সহ একটি চারচাকা গাড়ি আটক করে। চালককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, কোচবিহারের মাথাভাঙা থেকে বর্ধমানে গাঁজা আনা হয়েছিল। তা জেলার এক কারবারিকে সরবরাহ করার কথা ছিল। পুলিস খবর পেয়ে তালিত রেলগেটের কাছে গাড়িটি আটক করে। ১১টি প্যাকেটে ওই গাঁজা রাখা হয়েছিল। কোচবিহারের গাঁজার দাম সবথেকে বেশি। বেশি লাভের আশায় কারবারিরা সেখান থেকে গাঁ‌জা আনে। কয়েক দিন আগে মেমারি থানার পুলিস আর এক কারবারিকে গ্রেপ্তার করেছিল। সে ওড়িশা থেকে গাঁজা এনে বিক্রি করত। কোচবিহারের থেকে ওড়িশার গাঁজা কিছুটা সস্তায় পেয়ে যায়। 
Advertisement
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, এদিন সকালে গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিস কয়েকজন কারবারির নাম জানতে পেরেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। ধৃত গাড়ির চালক সঞ্জয় রাহা বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা। সে পুলিসকে জানিয়েছে, এক ব্যক্তি গাড়ি ভাড়া করেছিল। সে গাঁজা বর্ধমানে পৌঁছে দেওয়ার কথা বলে। সেই মতো সে গাড়িটি নিয়ে আসে। তালিতের কাছে গাড়ি দাঁড় করাতেই পুলিস সেটি আটক করে।
সম্পর্কিত সংবাদ