Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১৬৭টি পঞ্চায়েতে এবার ৮৩৫টি রাস্তা পাকা করবে জেলা পরিষদ

১৬৭টি পঞ্চায়েতে এবার ৮৩৫টি রাস্তা পাকা করবে জেলা পরিষদ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পথশ্রী প্রকল্পের মাধ্যমে এবার জেলার শতাধিক গ্রামের রাস্তা কংক্রিট ও পিচের প্রলেপে ঝাঁ-চকচকে রূপ পেতে চলেছে। এমনই পরিকল্পনা বীরভূম জেলা পরিষদের। তারা জেলাজুড়ে আটশোর বেশি রাস্তা এই প্রকল্পের মাধ্যমে পাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে প্রস্তাবও পাঠানো হয়েছে। সবুজ সঙ্কেত মিললেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে তাড়াতাড়ি কাজ শুরু করার ভাবনা নেওয়া হয়েছে। জেলা পরিষদের দাবি, বছর শেষের আগেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Advertisement
বিস্তীর্ণ বীরভূম জেলায় ১৯টি ব্লক রয়েছে। জেলায় পঞ্চায়েতের সংখ্যা সবমিলিয়ে ১৬৭টি। প্রতিটি পঞ্চায়েতেরই বিভিন্ন এলাকায় মেঠো পথের দেখা মেলে। এছাড়া, অনেক গ্রামে বেশকিছু রাস্তা পিচ উঠে খারাপ দশায় রয়েছে। বছরের অন্য সময় গ্রামবাসীদের তেমন সমস্যা না হলেও বর্ষার মরশুমে তাঁদের সমস্যায় পড়তে হয়। রাস্তার বেহাল দশার জেরে তাঁদের যাতায়াতে খুব ভোগান্তি হয়। গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখেই এবার জেলা পরিষদ কর্তৃপক্ষ জেলাজুড়ে রাস্তা তৈরির কাজে উদ্যোগী হয়েছে।
জেলা পরিষদ জানিয়েছে, প্রতিটি পঞ্চায়েত এলাকায় পাঁচটি করে রাস্তা পাকা করা হবে। সমস্ত পঞ্চায়েত এলাকার রাস্তা বাছাই করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে। এখন শুধু ওই দপ্তরের সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষা।  
যে সমস্ত রাস্তার কাজ হবে, ইতিমধ্যেই তার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। জেলার সমস্ত পঞ্চায়েত মিলিয়ে প্রায় ৮৩৫টি রাস্তা ওই তালিকাভুক্ত। প্রতিটি রাস্তার দৈর্ঘ্যই দুই থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে। এর মধ্যে কোনও রাস্তা পুরোপুরি কাঁচা। আবার কোনও রাস্তা অনেকদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছিল। সেসব রাস্তা এবার পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রূপ পেতে চলেছে। জেলা পরিষদ আশা করছে, খুব তাড়াতাড়ি দপ্তরের অনুমোদন মিলবে। এরপরই রাস্তার কাজ শুরু করা হবে। ২০২৫সালের মধ্যেই সমস্ত রাস্তা তৈরির কাজ শেষ করা হবে।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, এর আগেও পথশ্রী প্রকল্পের মাধ্যমে বহু রাস্তার উন্নয়ন হয়েছিল। এবার ফের পথশ্রী প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় আটশোর বেশি রাস্তা পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন অনুমোদনের অপেক্ষা। তাড়াতাড়ি এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জেলাজুড়ে নতুন করে উন্নয়নের জোয়ার আসতে চলেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ