সংবাদদাতা, বিষ্ণুপুর: বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে শুক্রবার রাতে পুলিস সোনামুখী ও জয়পুর থেকে ১০টি বালিবোঝাই ট্রাক্টর আটক করেছে। ঘটনায় দু’জায়গা থেকে মোট ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ রয়েছে। শনিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে সোনামুখীর কুণ্ডুপুষ্করিণী এবং জয়পুরের হেতিয়া এলাকায় বেআইনিভাবে ট্রাক্টরে করে বালি পাচারের অভিযোগ আসছিল। শুক্রবার রাতে পুলিস দুই জায়গায় পৃথকভাবে অভিযান চালায়। দুই জায়গা থেকে পাঁচটি করে মোট ১০টি ট্রাক্টর আটক করে। চালকরা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক্টরগুলি আটক করা হয়। ১০জন চালককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।



