Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে শহরের ড্রেনের জল আত্রেয়ীতে ফেলার ভাবনা

স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে শহরের ড্রেনের জল আত্রেয়ীতে ফেলার ভাবনা
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরে বাড়ছে দূষণের মাত্রা। দূষণের নানা উৎস থেকে ড্রেনের মাধ্যমে দূষিত জল সরাসরি পড়ছে আত্রেয়ী নদীতে। যার প্রভাব পড়ছে পরিবেশে। এবার নদী দূষণ রুখতে বিশেষ পরিকল্পনা করছে বালুরঘাট পুরসভা। পুরসভার তরফে নদীতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে নদীতে সরাসরি দূষিত জল যাওয়া আটকানো হবে। ইতিমধ্যেই এই প্লান্ট তৈরির প্রস্তাব রাজ্যের পুরনিগমে পাঠানো হয়েছে। এমনকী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে। রাজ্যের অনুমোদন মিললেই এই প্রকল্প বাস্তবায়িত হবে এই শহরে। 
Advertisement
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, নদীর দূষণ রুখতেই আমরা এই স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের উদ্যোগ নিয়েছি। আমরা এই প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলে দ্রুত এই প্রকল্প বালুরঘাট শহরে বাস্তবায়িত হবে। আত্রেয়ী নদীর জলও আর দূষিত হবে না। 
বালুরঘাট শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে আত্রেয়ী নদী। ওই নদী পাড়েই রয়েছে শহরের ২৫টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলিতে রয়েছে বড় বড়  নিকাশিনালা। সেই ড্রেনগুলি আবার স্ল্যুইস গেট দিয়ে নদীর সঙ্গে সংযুক্ত। এদিকে শহরের আয়তন, জনসংখ্যা ক্রমশ বাড়ছে। ফলে দূষণও পাল্লা দিয়ে বাড়ছে। এছাড়াও শহরজুড়ে বৃষ্টির জলের সঙ্গে  বর্জ্য মিশ্রিত হয়ে সরাসরি নদীতে পড়ছে। ফলে জল দূষণের মাত্রাও ক্রমশ বাড়ছে। তাই স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে ড্রেনের জল নির্দিষ্ট জায়গায় শোধন করে নদীতে ফেলতে পারলে দূষণ কমবে। তবে রাজ্যের অনুমোদন পেলেই এই প্লান্ট বসানোর কাজ করবে পুরসভা।  
আত্রেয়ী নদীকে বালুরঘাট শহরের লাইফলাইন বলা হয়। এই নদীর জল কৃষিকাজ থেকে শুরু করে পরিস্রুত করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। শহরের কংগ্রেসঘাটে পুরসভার পানীয় জলের প্লান্ট রয়েছে। নদীর জল উত্তোলন করে তা শোধন করে শহরের বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। তাই নদীর জল দূষিত হলে তার প্রভাব সরাসরি এই শহরের বাসিন্দাদের শরীরেও পড়তে পারে বলে আশঙ্কা। সেই আশঙ্কা থেকে  এবার  পুরসভা এই প্লান্টের ভাবনা নিয়েছে। 
পুরসভার এই প্রকল্প বাস্তবায়িত হলে সকলেরই উপকার হবে বলে মনে করছে শহরবাসী। এবিষয়ে বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডের নদীপাড়ের এক বাসিন্দা বিপ্লব সূত্রধর বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ থেকে আত্রেয়ী নদীতে দূষিত বর্জ্য আসছিল। ফলে নদীর জল কালো হয়ে গিয়েছিল। তাছাড়া শহরের অনেক জায়গায় ড্রেন থেকে নদীতে দূষিত জল মিশছে। এই জল আবার আমরাই খাচ্ছি। তাই এই প্রকল্প বাস্তবায়িত হওয়া খুবই প্রয়োজন।
সম্পর্কিত সংবাদ