সংবাদদাতা, শিলিগুড়ি: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুতে বিষাক্ত স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মঙ্গলবার শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
Advertisement
শঙ্কর বলেন, গতবছর মে মাসে ওই বিতর্কিত স্যালাইনের কারণে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ১৫ জন প্রসূতির মৃত্যু হয়েছে। তারপর এখানে প্রসূতিদের চিকিৎসায় ওই স্যালাইনের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। কর্নাটক স্বাস্থ্যদপ্তর থেকেও আমাদের রাজ্যের স্বাস্থ্যদপ্তরকে ওই স্যালাইন নিয়ে সতর্ক করা হয়েছিল। তারপরেও কীভাবে ওই স্যালাইন রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল? এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেছি। তিনি আরও বলেন, ব্ল্যাক লিস্টেড স্যালাইন ব্যবহারে একজন প্রসূতি মৃত্যুর ঘটনা অপরাধ। এই ঘটনায় যারা যুক্ত তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে পরবর্তীতে এনিয়ে ব্যাপক আন্দোলনে নামব আমরা।



