নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিৎপুর থানা এলাকায় ১০ বছরের এক নাবালিকাকে খুনের চেষ্টা ও ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত সাঁতার প্রশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। সাজাপ্রাপ্তের নাম সন্দীপ সাউ। শনিবার শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস ওই আদেশ শুনিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে অন্যান্য একাধিক ধারায় অপরাধীর বিরুদ্ধে পৃথক পৃথক সাজা ও জরিমানার নির্দেশ দেন। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একসঙ্গে চলবে। বিচারক জরিমানার অর্ধেক টাকা নাবালিকার হাতে তুলে দেওয়ার কথা বলেন। পাশাপাশি শুনানি চলাকালে অভিযুক্তকে শনাক্তকরণ ও নির্ভয়ে সাক্ষ্য দেওয়ার জন্য নাবালিকার ভূমিকার প্রশংসা করেন বিচারক। এমনকি ওই নাবালিকাকে সম্মানিত করার বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও বলেছেন তিনি। বিচারক এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার সৌরভ রায়ের তদন্তেও সন্তোষ প্রকাশ করেন। যদিও সাজাপ্রাপ্ত ওই যুবকের তরফে বলা হয়, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে। এদিন এই মামলার সাজা শুনতে আদালত চত্বরে বহু মানুষ ভিড় জমিয়েছিল। সন্ধ্যায় তাকে জেলের গাড়িতে ওঠানোর সময় নানা কটু মন্তব্যও ধেয়ে আসে ভিড় থেকে।



