Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ অনুশীলনে নামবেন সোয়বার্গ

আইএসএলে ষষ্ঠ বিদেশি হিসেবে অ্যান্টন সোয়বার্গকে আগেই সই করিয়েছিল ইস্ট বেঙ্গল। বুধবার শহরে চলে এলেন লাল-হলুদের নতুন স্ট্রাইকার।

আজ অনুশীলনে নামবেন সোয়বার্গ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে ষষ্ঠ বিদেশি হিসেবে অ্যান্টন সোয়বার্গকে আগেই সই করিয়েছিল ইস্ট বেঙ্গল। বুধবার শহরে চলে এলেন লাল-হলুদের নতুন স্ট্রাইকার। মেডিকেল টেস্টের পর বৃহস্পতিবার অনুশীলনে নামবেন ২৫ বছর বয়সি ডেনিশ ফুটবলার। আগামী ২১ ফেব্রুয়ারি অস্কার ব্রিগেডের প্রতিপক্ষ স্পোর্টিং দিল্লি। ওই ম্যাচেই লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে অ্যান্টনের। এদিন সরকারিভাবে নাম ঘোষণার পর তাঁর মন্তব্য, ‘ইস্ট বেঙ্গলের ঐতিহ্যের কথা শুনেছি। সমর্থকদের সামনে নিজেকে মেলে ধরতে তর সইছে না। দলকে সাফল্য এনে দিতে চাই।’ অন্যদিকে কোচ অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, ‘ইস্ট বেঙ্গল পরিবারে সোয়বার্গকে স্বাগত। আশা করি, অ্যান্টনের যোগদানে দল আরও শক্তিশালী হয়ে উঠবে।’

Advertisement


ডেনিশ স্ট্রাইকার মূলত বাঁ পায়ের ফুটবলার। একাধিক পজিশনে খেলতে পারেন। জাল কাঁপানোর পাশাপাশি উইথড্রন স্ট্রাইকারের ভূমিকাতেও সাবলীল। তিনি ক্লিক করলে অস্কারের চিন্তা কমবে। আসলে চলতি মরশুমে একাধিক বিদেশি বদল করেছে ইস্ট বেঙ্গল। ডুরান্ডের ডার্বিতে জোড়া গোল করেছিলেন গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতাকোস। কিছুটা অপ্রত্যাশিতভাবে তাঁকে ছেড়ে দেয় লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। এরপর মরক্কান হামিদ ও জাপানের হিরোশিকে রিক্রুট করা হয়। কিন্তু আশাভঙ্গ হতে সময় লাগেনি। এরপর তাঁদের দু’জনকেই রিলিজ করে দেয় টিম ম্যানেজমেন্ট। পরিবর্ত হিসেবে স্প্যানিশ ইউসেফের পাশাপাশি সই করানো হয় অ্যান্টনকে। নর্থ ইস্টের বিরুদ্ধে অভিষেকেই জোড়া গোল করে নজর কেড়েছেন ইউসেফ। এবার নজর থাকবে ডেনিশ স্ট্রাইকারের দিকে। হাতে সময় কম। বৃহস্পতিবারই স্পোর্টিং দিল্লি ম্যাচের প্রস্তুতি শুরু করবেন অস্কার ব্রুজোঁ। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ।এদিকে, আইএসএলে কলিঙ্গ স্টেডিয়ামেই হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিল ওড়িশা এফসি। মহানদীর পাড়ের এই ফ্র্যাঞ্চাইজি দলটি দীর্ঘদিন আর্থিক সমস্যায় ভুগছে। পাশাপাশি বৃহস্পতিবার আইএসএলের একাধিক ক্লাবের সিইও’র সঙ্গে বৈঠক করবে ফেডারেশন। টুর্নামেন্ট শুরু হলেও পার্টিসিপেশন ফি নিয়ে সমস্যা রয়েছে। টুর্নামেন্টের ম্যানেজিং কমিটি নিয়েও সমস্যা অব্যাহত। দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ