স্বামীজি স্মৃতি সঙ্ঘই এখন অমল দত্তের ঠিকানা
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: টি-৮৫ রাজারহাট রোড। তবে ঠিকানা নিষ্প্রয়োজন। গৃহকর্তার নামই যথেষ্ট। তাতেই ম্যাজিকের মতো কাজ হত। বাড়ির বাইরে নেমপ্লেট। গেট ঠেলে ঢুকতেই বকুলগাছ। ছাদেও অসংখ্য টব। ফুল ফোটার অপেক্ষায় কুঁড়ি। ঩শেষ বিকেলে পরম যত্নে জল দিতেন তিনি। ছোট্ট ড্রয়িং-রুম ফুটবলের বইয়ে ঠাসা। দরজার কোণে উঁকি মারে বাঁয়া, তবলা, তানপুরা। ফুটবল, বই, সঙ্গীত—তা নিয়েই বিভোর অমল দত্ত। সৃষ্টি ও সাধনার এমন যুগলবন্দি ভারতীয় ফুটবলে বিরল।

Advertisement

‘ডায়মন্ড দত্ত’ প্রয়াণের পর ১০ বছর অতিক্রান্ত। জ্যাংড়ায় অমল দত্তের বাড়ি ভেঙে তৈরি হয়েছে ফ্ল্যাট। বিদেশি ফুটবলের দূর্মূল্য সংগ্রহে ঠাসা থাকত আলমারি। কোচিং ম্যানুয়াল, ট্রফি, মেমেন্টো, রাশি রাশি বই গেল কোথায়? এখানেই আসল ট্যুইস্ট। অমল দত্তের ব্যবহৃত জার্সি, টুপি, অসংখ্য সাদা-কালো দুষ্প্রাপ্য ফটোগ্রাফ সংরক্ষিত রয়েছে দমদমের স্বামীজি স্মৃতি সঙ্ঘে। প্রয়াত কিংবদন্তির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছেন তাঁরা। ক্লাব সভাপতি গৌতম বসু বলছিলেন, ‘অমল দত্তের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সখ্য। কৈশোরে স্টার থিয়েটারে খেলার পুতুল নাটক দেখাতে নিয়ে গিয়েছিলেন স্যার। ওঁর কিছু স্মৃতি সংগ্রহে রাখতে পেরে আমরা গর্বিত। আগ্রহীদের জন্য ক্লাবের দরজা সবসময় খোলা।’ অমল দত্তের প্রয়াণের পর তাঁর স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টও আয়োজিত হয়। অমল পুত্র আশিসের মন্তব্য, ‘যোগ্যতার তুলনায় বাবা তেমন কিছু স্বীকৃতি পাননি। তবে সাধারণ মানুষ ভালোবাসা উজাড় করে দিয়েছেন। এটাই বোধহয় সবচেয়ে বড়ো প্রাপ্তি।’ কোথাও যেন ঝরে পড়ে অভিমান। প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি বললেন, ‘অমলদা ছিলেন কোচেদের কোচ। ওঁর স্মৃতি আগলে রাখতে সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত।’
বাঙালি মননে অমল দত্ত মানেই রাশি রাশি নস্টালজিয়া। ডাগ-আউটে পিকে বনাম অমলের ডুয়েল যেন চকমকির ঠোকাঠুকি। কোচিং কেরিয়ারেও বিতর্কের সঙ্গেই হেঁটেছেন অমল। কোচিং শিখতে গাঁটের কড়ি খরচ করে বিদেশে গিয়েছিলেন। প্রোজেক্টর কাঁধে বাঙালিকে ফুটবল শেখাতেন বিদগ্ধ কোচ। অমল দত্তের বাসস্থান ভারতীয় ফুটবলে পীঠস্থান হতেই পারত। তার বদলে এ যেন বঞ্চিতের উপাখ্যান। বাড়ির সামনের রাস্তা অমল দত্ত সরণি করার প্রস্তাবও আপাতত শিকেয়। অমলের নামে পুরস্কার ঘোষণার কথা ভেবেই ওঠেনি ফেডারেশন। অমল মানেই যে, কেউ কথা রাখে নি। কেউ কথা রাখে না।’