Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে ট্রাফিক সিগন্যাল পরিষেবা বন্ধে ভোগান্তি

সিউড়িতে ট্রাফিক সিগন্যাল পরিষেবা বন্ধে ভোগান্তি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি শহরে বহুদিন ধরে ট্রাফিক সিগন্যাল পরিষেবা বন্ধ রয়েছে। ফলে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিসকে হিমসিম খেতে হচ্ছে। শহরের বিভিন্ন মোড়ে সরকারি ঘোষণার জন্য লাগানো মাইকও আর ব্যবহার করা হয় না। এখনও বিভিন্ন পোলে পুলিসের উদ্যোগে লাগানো ওই মাইক ঝুলছে।
Advertisement
একসময় ঢাকঢোল পিটিয়ে সিউড়ি শহরে ট্রাফিক সিগন্যাল পরিষেবা চালু হয়েছিল। শহরের এসি মোড়, সার্কিট হাউস মোড়, চৈতালি সিনেমাহল মোড়, প্রশাসনিক দপ্তর মোড়, সিউড়ি বাসস্ট্যান্ড সহ নানা জায়গায় এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল। সিগন্যাল নিয়ন্ত্রণের জন্য মো‌঩ড়ে মোড়ে ট্রাফিক বুথ বসানো হয়েছিল। সেখানে বসেই ট্রাফিক গার্ডের কর্মীরা এই সিগন্যালিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন। সেগুলিও এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। অনেক জায়গায় ট্রাফিক সিগন্যালের আলোও ভেঙে গিয়েছে। কিন্তু ফের পরিষেবা চালুর বিষয়ে পুলিসের কোনও উদ্যোগ চোখে পড়ছে না। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, মাইকগুলি ঠিক করা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে সেগুলি ফের নষ্ট হয়েছে। সিগন্যালের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। শহরের বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই অফিসটাইমে শহরের প্রধান রাস্তায় যানজট দেখা দেয়। বিশেষত জেলাশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ডের কাছে যানজটে বহু মানুষকে নাকাল হতে হয়। এই যানজট মেটাতেই সিগন্যাল পরিষেবা চালু করেছিল জেলা পুলিস। এজন্য জনগণের লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। কিন্তু এখন পরিষেবা বন্ধ হওয়ায় সেই টাকার অপচয় হল। শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মোড়ে সিভিক ভলান্টিয়ারদের ডিউটিতে রাখা হয়েছে। তাঁরাই এখন শহরের ট্রাফিক সামলাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে একসময় সিউড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একটি করে মাইক লাগানো হয়েছিল। সেসব মাইকে বিভিন্ন সময়ে রবীন্দ্রসঙ্গীত বাজত। এছাড়া, এই মাইকের সাহায্যে পুলিস সাধারণ মানুষকে নানা ব্যাপারে সচেতন করত। কিন্তু কিছুদিন চলার পর এই পরিষেবাও বন্ধ হয়েছে। এখনও বিভিন্ন মোড়ে পোলের মাথায় ওই মাইক লাগানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ