নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তির জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিউড়ি-১ ব্লকের জুনিদপুরে। ওই ঘটনায় পঞ্চায়েত সদস্যা রুবিদা বিবির হাতে, গলায় ও কানে আঘাত লেগেছে। বর্তমানে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ, মারধরের পাশাপাশি তার গলার হার, কানের দুল ছিনতাই করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। এই ঘটনায় বুধবার সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিস তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনাটি অনভিপ্রেত। সত্যিই কী ঘটনা ঘটেছে পুলিস তদন্ত করে দেখছে। পুলিস নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে।
Advertisement
সিউড়ি-১ ব্লকের আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুরের সদস্যা রুবিদা বিবি। অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে তাঁকে মারধর করা হয়েছে।



