সংবাদদাতা, সিউড়ি: জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজের সম্ভার নিয়ে সিউড়িতে সবলা মেলা শুরু হল। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন বোলপুরের সাংসদ অসিত মাল। উদ্বোধনী অনুষ্ঠানে বীরভূমের জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, জেলা সভাধিপতি কাজল শেখ সহ অন্যরা উপস্থিত ছিলেন। ৭-১৩জানুয়ারি মেলা চলবে। জেলা প্রশাসন জানিয়েছে, এই মেলায় জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৩৪টি স্টল রাখা হয়েছে। সেই সমস্ত স্টল থেকেই তাঁরা কাঁথা স্টিচের পোশাক, চাদর, সোয়েটার, ঝুড়ি, কুলো, ধামা, ফুলের সাজি, বিভিন্ন খাদ্যসামগ্রী ইত্যাদি বিক্রি করছেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো সামগ্রী কিনতেও দেখা যায় সাঁইথিয়ার বিধায়ক ও সভাধিপতিকে। এই মেলায় বসার সুযোগ পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জেলার মহম্মদবাজারের আঙ্গাড়গড়িয়ার অন্নপূর্ণা স্বনির্ভর গোষ্ঠীর মঙ্গলী মাহালি, চন্দনা মাহালি বলেন, আমাদের হাতে তৈরি ঝুড়ি, ধামা, কুলো বিক্রির সুযোগ পেয়েছি। এটা আমাদের পারিবারিক পেশা। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই পেশায় আমরা নতুন করে রোজগারের মুখ দেখছি।



