Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে নিষ্ঠার সঙ্গে রক্ষাকালীপুজো আয়োজন

সিউড়িতে নিষ্ঠার সঙ্গে রক্ষাকালীপুজো আয়োজন
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার সিউড়ি রক্ষাকালী মন্দিরে ধুমধাম করে পুজো হল। একদিনের রক্ষাকালী পুজোয় লক্ষাধিক মানুষের সমাগম হয়। সন্ধ্যায় মন্দিরে প্রতিমা এনে রাতভর পুজো চলে। কিন্তু সূর্যোদয় হওয়ার আগেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
Advertisement
কথিত আছে, এই রক্ষাকালী পুজো প্রায় ৫০০বছরের প্রাচীন। এখন স্থানীয় রক্ষাকালী ক্লাবের উদ্যোগে পুজো পরিচালিত হয়। প্রাচীন রীতিনীতি মেনে অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার নিষ্ঠার সঙ্গে দেবীর পুজো হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দেবীর প্রতিমা রক্ষাকালী মন্দিরে নিয়ে আসা হয়। তারপর রাত সাড়ে ১০টা নাগাদ পুজো শুরু হয়। রাতভর পুজোর পর ভোরে সূর্যোদয়ের আগে অর্থাৎ ৪টে নাগাদ মন্দির লাগোয়া পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। অতীতে এই মন্দিরে অনেক বলি হতো। কিন্তু গত বছর থেকে শুধুমাত্র নিয়মরক্ষার জন্য একটি বলি হয়। বীরভূম জেলা তথা ভিনজেলা থেকেও বহু মানুষ পুজো দিতে আসেন। পুজোর দিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে পুজোর ডালি জমা হতে থাকে।
প্রতিবছর এই পুজোকে ঘিরে রক্ষাকালী ক্লাবের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। এবছরও মন্দির থেকে সামান্য দূরে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই পুজো ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হয়। পুজোর পর আটদিন কমিটির উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, কবিগান, বাউল গান, অর্কেস্ট্রা প্রভৃতি হবে।
পুজো কমিটির সম্পাদক কল্যাণ দাস ও সভাপতি দেবানন্দ মুখোপাধ্যায় বলেন, প্রায় ৫০০বছরের প্রাচীন এই পুজো আজও রীতিনীতি মেনে অনুষ্ঠিত হচ্ছে। পুজো ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হয়। পুজোর পর আটদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আগামী মঙ্গলবার লক্ষাধিক ভক্তকে ভোগ খাওয়ানো হবে।
সম্পর্কিত সংবাদ