সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি উৎসবের আগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হল। পুরসভার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ, বৃহস্পতিবার সিউড়ি ইরিগেশন কলোনি ময়দানে সিউড়ি উৎসবের সূচনা হবে। এই উৎসব এবার দ্বিতীয় বছরে পড়ল। পুরসভার ১৫০বছর পূর্তি উপলক্ষ্যে উৎসবের আগে এই ম্যারাথনের আয়োজন করা হল। শতাধিক প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শহরের নির্দিষ্ট রাস্তা দিয়েই প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ পুরসভার অন্যান্য কাউন্সিলাররা। সবুজ পতাকা দেখিয়ে দৌড় প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্টরা। চেয়ারম্যান বলেন, এবার সিউড়ি উৎসব দ্বিতীয় বর্ষে পা দিতে চলছে। উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তার আগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হল। বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।



