সংবাদদাতা, সিউড়ি: বীরভূম জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উদ্যোগে একদিনের মেগা শিবির ও জব ফেয়ার অনুষ্ঠিত হল সিউড়িতে। মঙ্গলবার সিউড়ি রবীন্দ্রসদনে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের শিবিরে প্রায় সাত শতাধিক মানুষ উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে অনেককেই বেসরকারি সংস্থায় চাকরির নিয়োগপত্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন ছাড়পত্র, লাইসেন্স ইত্যাদি তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
Advertisement
এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এমএসএমই ও টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন, কৃষি, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, অনগ্রসর শ্রেণি কল্যাণ, উচ্চশিক্ষা এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে স্টল করা হয়েছিল এদিনের মেলায়। এদিন অনলাইন ও অফলাইন মিলে মোট ৫৭৬ জন চাকুরি প্রার্থী বেসরকারি সংস্থায় চাকরির জন্য আবেদন করতে শিবিরে এসেছিলেন। তাঁদের মধ্যে বিভিন্ন সংস্থার কাছে ইন্টারভিউ দিয়েছেন ৩৭৮ জন এবং চাকরি পেয়েছেন ১৪৭ জন প্রার্থী। এদিনই কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বেসরকারি সংস্থায় অতি সহজেই চাকরি পেয়ে খুশি চাকরি প্রাপকরা। তাদের মধ্যেই কয়েকজন জিৎ সাহা, সঞ্জয় মুর্মু, বর্ণালী চন্দ্র, উদ্ভব দাস বলেন, আমরা খুবই খুশি। এই শহরে বসেই জেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছি। এছাড়াও অনুষ্ঠানে জেলার মিড ডে মিল কর্মী রয়েছেন ৫ হাজার ৬০০ জনের হাতে কুক কাম হেল্পার প্রশিক্ষণের শংসাপত্র তুলে দেওয়া হয়।



