সংবাদদাতা, সিউড়ি: প্রতি বছরের মতো এবারও সিউড়ি বিদ্যাসাগর কলেজে ৭৬তম এনসিসি দিবস পালিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের শেষ রবিবার এই দিনটি পালন করা হয়। এবারও জেলার ১৪টি স্কুল ও ছয়টি কলেজের প্রায় একহাজার এনসিসি ক্যাডেট অনুষ্ঠানে অংশ নেন। প্রায় সপ্তাহখানেক ধরেই জেলার বিভিন্ন স্কুল-কলেজের এনসিসি ক্যাডেটরা নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। হীরালাল কলেজের উদ্যোগে কয়েকদিন আগে রক্তদান শিবিরও আয়োজিত হয়েছে। রবিবার বিদ্যাসাগর কলেজের অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, কুইজ, ছবি আঁকা সহ নানা প্রতিযোগিতায় এনসিসি ক্যাডেটরা অংশ নেন। অনুষ্ঠানে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপনকুমার পারিচা, ১৫ বেঙ্গল এনসিসি’র কমান্ডিং অফিসার কর্নেল অনিরুদ্ধ ওয়ালে, সমস্ত স্কুল-কলেজের এনসিসি অফিসার সহ এনসিসি’র অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৫ বেঙ্গল এনসিসি’র সুবেদার মেজর রাম পাল।



