Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে চক্রের তিনজন পাকড়াও, পুলিসের হাতে তুলে দিলেন বাসিন্দারাই

সিউড়িতে চক্রের তিনজন পাকড়াও, পুলিসের হাতে তুলে দিলেন বাসিন্দারাই
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল। স্বাস্থ্য আধিকারিকদের সই-স্ট্যাম্প জাল করে ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয়েছিল। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের ম঩ধ্যে তৃণমূলের চিনপাই পঞ্চায়েতের কোর কমিটির  সদস্যও রয়েছে। তারই পাতা ফাঁদে চিনপাই গ্রামের তিন যুবক পা দিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার ওই তিন যুবককে হাসপাতালে চাকরিতে যোগদানের জন্য নিয়ে গিয়েছিল প্রতারকরা। তখনই হাসপাতালের নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তিনজনকে হাতেনাতে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। প্রতারকরা ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের কাছ থেকে এক থেকে দেড় লক্ষ টাকা করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। চাকরি পিছু তিন লক্ষ টাকা করে ‘ডিল’ হয়েছিল। প্রতারণার শিকার হওয়া তিন যুবক চারজনের বিরুদ্ধে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে।  
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চক্র যুবক-যুবতীদের সরকারি চাকরির টোপ দিয়ে প্রতারণা শুরু করেছে। বেশ কিছুদিন ধরে সিউড়ি শহরে চক্রটি সক্রিয় রয়েছে। প্রতারকরা ডিরেক্টর অফ হেলথ, জেলা স্বাস্থ্যদপ্তরের একাধিক আধিকারিকের সই ও স্ট্যাম্প নকল করে চাকরিপ্রার্থীদের মেডিক্যাল ফিটনেস এবং চাকরির নিয়োগপত্র দিয়েছিল। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছিল প্রতারকরা। 
অভিযোগ, চিনপাই পঞ্চায়েতের তৃণমূলের কোর কমিটির সদস্য ধৃত তুলসী দাস এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। সে হাসপাতালে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের নিয়ে এসেছিল। তার সঙ্গে ছিল রামপুরহাটের মাড়গ্রামের দেবাশিস দাস ও হুগলির শ্রীরামপুরের বিজয় রায়। ওই চক্রের সঙ্গে আরও একজন যুক্ত রয়েছে বলে পুলিসের কাছে অভিযোগে জানিয়েছেন প্রতারিত তিন যুবক। 
উল্লেখ্য, এই ধরনের প্রতারণা চক্র সিউড়ি শহরে মাথাচাড়া দিয়েছে। কয়েকদিন আগে সিউড়ি হাসপাতালে গানম্যান পদে নিয়োগের জন্য কয়েকজন যুবকের কাছে ২০-৫০ হাজার টাকা করে আদায় করেছিল প্রতারকরা। ঘটনাটি জানাজানি হওয়ার আ঩গেই অভিযুক্তরা গা-ঢাকা দেয়। সেই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ধৃতদের সঙ্গে সেই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিস। চিনপাইয়ের চাকরিপ্রার্থীরা বলেন, আমরা চাকরির চেষ্টা করছিলাম। গ্রামের তৃণমূলের ওই কর্মী আমাদের চাকরির আশ্বাস দিয়েছিলেন। তাঁর মাধ্যমেই বাকিদের সঙ্গে পরিচয় হয়েছিল। 
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, একটি গ্যাং হাসপাতালে এসে ভুয়ো নিয়োগপত্র, স্ট্যাম্প, সই দেখিয়ে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণা করে। পুলিস তাদের গ্রেপ্তার করেছে।
এব্যাপারে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, চারদিকে এরকম ভুয়ো নিয়োগের ঘটনা ঘটছে। মানুষের আরও বেশি সতর্ক থাকা উচিত। ওই কর্মী এই ঘটনায় যুক্ত থাকলে তার বিরুদ্ধে দল তদন্ত করবে। প্রশাসনও ব্যবস্থা নেবে।
সম্পর্কিত সংবাদ