Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে বাসে নেশাগ্রস্ত চালক

সিউড়িতে বাসে নেশাগ্রস্ত চালক
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সরকারি বাসের এক মদ্যপ চালককে আটক করল সদাইপুর থানার পুলিস। বুধবার রাতে সিউড়ি থেকে দুর্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল একটি যাত্রী বোঝাই সরকারি বাস। বাসটি সিউড়ি থেকে রওনা দেওয়ার পর কিছুদূর যেতেই যাত্রীরা বুঝতে পারেন চালকের কোনও শারীরিক সমস্যা রয়েছে। তারপর চিৎকার চেঁচামেচি করে বাসটি জাতীয় সড়কের একধারে দাঁড় করান তাঁরা। যাত্রীদের অভিযোগ, ওই সরকারি বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর সদাইপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই বাসের চালককে মদ্যপ অবস্থায় উদ্ধার করে। তারপর সরকারি বাস ডিপোতে যোগাযোগ করে অন্য চালক চাওয়া হয়। সেই চালক এলে বাসটি সেখান থেকে গন্তব্যে রওনা দেয়। সদাইপুর থানার পুলিসের দাবি, ওই গাড়ি চালককে পরীক্ষা করে দেখা গিয়েছে গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সেই মদ্যপ অবস্থায় তাঁকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সদাইপুর থানার এক পুলিস আধিকারিক জানান। 
Advertisement
এদিকে যাত্রীদের অভিযোগ, একটি সরকারি বাসে মদ্যপ অবস্থায় চালকের গাড়ি চালানো নিয়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। তাঁদের অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই গাড়িচালক গাড়ি চালানোর কারণে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ওই বাসের যাত্রী সোমনাথ দত্ত বলেন, গাড়িটি সিউড়ি থেকে বেড়নোর পরেই গাড়ির গতি নিয়ে সবার সন্দেহ হচ্ছিল। খুবই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। পরিস্থিতি আরও খারাপ দেখে সবাই চিৎকার করে গাড়ি দাঁড় করতে বলেন। তারপর দেখা যায় ওই চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। তখনই পুলিসকে খবর দেওয়া হয়। এছাড়াও যাত্রীদের আরও অভিযোগ মুর্শিদাবাদের নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনা ফিকে হয়েছে চালকদের মনে। এখনও বেশিরভাগ সরকারি ও বেসরকারি বাসের চালক গাড়ি চালানোর সময় এক হাতে কানে ফোন নিয়ে কথা বলছেন। তাই সেই সব চালকদেরও চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। 
সম্পর্কিত সংবাদ