Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে বড়দিন ও বর্ষবরণের প্রস্তুতি শুরু

সিউড়িতে বড়দিন ও বর্ষবরণের প্রস্তুতি শুরু
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সিউড়িতে জোরকদমে বড়দিন ও বর্ষবরণের প্রস্তুতি চলছে। রাত পোহালেই যীশুখ্রীস্টের জন্মদিন পালনের উৎসব। তার ক’দিন পরই ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর পালা। সিউড়ি শহরের মসজিদ মোড় থেকে টিনবাজার ও মালিপাড়া যাওয়ার রাস্তার ধারে একাধিক দোকানে ক্রিসমাস ট্রি, স্টার, সান্তা ক্লজ সহ বড়দিনে ঘর সাজানোর নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে ছোটদের জন্য সান্তা ক্লজের পোশাকও বিক্রি হচ্ছে।
Advertisement
সিউড়ির এনইএল গীর্জা বড়দিন উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে। এবারও লাল গীর্জায় বড়দিনে সকাল ৯টা নাগাদ বিশেষ প্রার্থনা শুরু হবে। খ্রীস্টান সম্প্রদায়ের মানুষ তাতে অংশ নেবে। সেদিন সন্ধ্যায় গীর্জা কমিটির উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিবারই বড়দিনের সন্ধ্যায় এই গীর্জায় হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। সেই ভিড় সামাল দিতে পুলিস কড়া নিরাপত্তার ব্যবস্থাও রেখেছে।
এনইএল গীর্জার পাদরি সুনীল প্রসাদ বলেন, বড়দিনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেদিন পুরো গীর্জা আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। যেহেতু ওই দিন অনেক ভিড় হবে, তাই পুলিসি নিরাপত্তা থাকবে।
বড়দিন ও বর্ষশেষের উৎসব উপলক্ষ্যে জেলার বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। উৎসবের মরশুমে বেপরোয়া হয়ে বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি বা বাইক চালানো, বিকট শব্দে মোটরবাইক চালানো বন্ধে জেলা পুলিস একাধিক পদক্ষেপ করছে। উৎসব উপলক্ষ্যে ইতিমধ্যে কেনাকাটার বহর শুরু হয়েছে। তার জেরে শীতবস্ত্র ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে।
সম্পর্কিত সংবাদ