চণ্ডীগড়: সন্দেহজনক ড্রোনের গতিবিধি। তার জেরে রবিবার রাতে পরিষেবা ব্যাহত হল অমৃতসর বিমানবন্দরে। অন্তত তিনটি বিমানকে অবতরণের আগেই পথ ঘুরিয়ে অন্য বিমানবন্দরে পাঠানো হল। তার মধ্যে ছিল একটি আন্তর্জাতিক বিমানও। ঘটনাচক্রে, মাসখানেক আগে একই কারণে এই আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি বিমানের পরিষেবা ব্যাহত হয়েছিল।
সূত্রের খবর, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ বিমানবন্দর চত্বরে খান তিনেক ড্রোন উড়তে দেখেন সিআইএসএফ জওয়ানরা। কন্ট্রোল রুমে সেই বার্তা যেতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে প্রথমে ফিরিয়ে দেওয়া হয়। মুম্বই থেকে আসা ইন্ডিগোর একটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয় চণ্ডীগড়ে। কুয়ালালামপুর থেকে ওড়া মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানকে অমৃতসরের পরিবর্তে দিল্লিতে অবতরণ করানো হয়। এর ফলে ভোগান্তির মুখে পড়েন বহু যাত্রী। সরকারি সূত্রে খবর, সন্দেহজনক ড্রোনগুলির গতিবিধি নিয়ে তদন্ত চলছে।



